আমদাবাদ: প্রসিদ্ধ কৃষ্ণ যখন শেষ ওভার বল করার জন্য রান আপ ধরে দৌড় শুরু করলেন, ৪০ বলে ৮০ রানে ব্যাট করছিলেন তিনি। প্রথম ২ বলে চার ও ছক্কা মেরে ৯০ রানে পৌঁছলেন। তৃতীয় বলে এক রানের বেশি হল না। কিন্তু স্ট্রাইক ফিরে পেয়ে পঞ্চম বলে ছক্কা মেরে পৌঁছলেন ৯৭ রানে। নাটকীয় ওভারে শেষ বল বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন তিলক বর্মা।
সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যদের ব্যর্থতার রাতে উজ্জ্বল হয়ে উঠলেন তিলক। তাঁর বিধ্বংসী সেঞ্চুরিই নতুন স্বপ্ন দেখাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ১৯৯/৫। দুশো রানের লক্ষ্য দাঁড়াল শুভমন গিলদের সামনে।
📸📸
The joint-fastest hundred for @mipaltan scoring 101* (45) 💙
Now, that’s how you notch up your maiden #TATAIPL hundred 👏👏#KhelBindaas | #GTvMI | @TilakV9 pic.twitter.com/njI6I30vMH
— IndianPremierLeague (@IPL) April 20, 2026
শেষ তিন ওভারে ৫৮ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স! ১৯.৩৩ রান রেটে! নিজের ইনিংসের শেষ ১৫ বলে ৫৬ রান তুললেন তিলক! চলতি আইপিএলে ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন তিনি। চলতি আইপিএলে সোমবারের ম্যাচের আগে পর্যন্ত ৫ ইনিংসে মোটে ৪৩ রান করেছিলেন তিলক। সোমবার ৪৫ বলে ১০১ রান করে অপরাজিত রইলেন। ২২৪.৪৪ স্ট্রাইক রেট রেখে।
আরও পড়ুন: মস্তিষ্কে সংক্রমণ, কথাবার্তা বন্ধ, দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগান ক্রিকেটার!
চলতি আইপিএলে প্রশ্ন উঠছে হার্দিক পাণ্ড্য ও সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক ছাপ ফেলতে পারছেন না। মুম্বইও পয়েন্ট টেবিলের নীচের দিকে। সূর্যকুমার তো টি-২০ বিশ্বকাপের সময় থেকে রান পাচ্ছেন না। সোমবারও দুজনই ব্যর্থ। চার নম্বরে নেমে ১০ বলে ১৫ রান করে আউট স্কাই। আর হার্দিক ১৬ বলে মন্থর ব্যাটিং করে তুললেন ১৫ রান। তারপরেও মুম্বই ইন্ডিয়ান্স দুশো রানের টার্গেট দিতে পারল শুধু তিলক ঝড়ের জন্যই।
প্রথম ২২ বলে ১৯ রান ছিল তিলকের। তারপরই বিস্ফোরণ। ভেঙে দিলেন সূর্যর একটি রেকর্ডও। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৯ বলে সেঞ্চুরি ছিল সূর্যকুমারের। সেটাই এতদিন ছিল মুম্বইয়ের জার্সিতে গুজরাতের বিরুদ্ধে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি। সেই রেকর্ড ভেঙে দিলেন তিলক। গড়লেন নতুন মাইলফলক। ৩২ বলে ৪৫ করলেন নমন ধীর। গুজরাতের হয়ে ৪ ওভারে ৩৩ রানে তিন উইকেট নিলেন কাগিসো রাবাডা। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে এক উইকেট মহম্মদ সিরাজের। তারপরেও তিলক ঝড় আটকানো গেল না।
