- অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা চলছে।
- কর্মচারীদের দাবি, ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০x থেকে ৪.০x হওয়া উচিত।
- বেসিক পে ১৮,০০০ টাকা থেকে ৬৯,০০০ বা ৭২,০০০ হতে পারে।
- আগামী ২২-২৩ জুন লখনউতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক।
8th Pay Commission News Update : দীর্ঘ দিনের জল্পনার অবসান হতে পারে, বড় ঘোষণা করতে পারে সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Salary News) বেতন বাড়তে পারে অনেকটাই। এক ধাক্কায় ১৮,০০০ টাকা বেসিক পে (Basic Pay) থেকে ৬৯০০০ বা ৭২০০০ টাকা হতে পারে কর্মীদের মূল বেতন। সেই ক্ষেত্রে সবকিছু নির্ভর করবে এই গুণকের উপর। জেনে নিন, অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কী আপডেট রয়েছে।
কোন ফিটমেন্ট ফ্যাক্টরের উপর সব নির্ভর করছে
অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, তা নিয়ে বিভিন্ন কর্মচারী ইউনিয়ন ও সরকারের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। কর্মী সংগঠনগুলির দাবি, ক্রমাগত মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার খরচ সামলাতে দুইয়ের মধ্যে সামঞ্জস্য রাখা উচিত। যে কারণে বড় বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে এই সংগঠনগুলি। ইউনিয়নগুলির দাবি অনুসারে ৩.০x থেকে ৪.০x ফিটমেন্ট ফ্যাক্টর হওয়া উচিত অষ্টম বেতন কমিশনের বেতন বৃদ্ধির পরিমাপক।
অষ্টম বেতন কমিশন আসলে কী ?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির জন্য ভারত সরকার একটি কমিটি গঠন করেছে। এই অস্থায়ী কমিটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতন, ভাতা, পেনশন এবং পদোন্নতির কাঠামো পর্যালোচনা ও সংশোধন করার সুপারিশ করে। বর্তমানে এই কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া অন্য দুই সদস্য হলেন পুলক ঘোষ ও পঙ্কজ জৈন (সদস্য সচিব)। এই নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার লক্ষ্য রাখা হয়েছে।
ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী
ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক , যা বর্তমান মূল বেতনের (Basic Pay) সঙ্গে গুণ করে নতুন সংশোধিত মূল বেতন নির্ধারণ করা হয়।
নতুন মূল বেতন গণনা করার সূত্র: সংশোধিত মূল বেতন = বর্তমান মূল বেতন × ফিটমেন্ট ফ্যাক্টর
উদাহরণস্বরূপ, সপ্তম পে কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়েছিল, যার ফলে সর্বনিম্ন মূল বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল।
বিভিন্ন কর্মচারী ইউনিয়নের অফিসিয়াল দাবি ও প্রস্তাবিত বেতন কাঠামো
বর্তমানে বিভিন্ন ইউনিয়ন ৩.০x থেকে ৪.০x পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানাচ্ছে। নিচে প্রধান ইউনিয়নগুলির দাবি এবং তার ভিত্তিতে সম্ভাব্য বেতনের হিসাব দেওয়া হলো:
| ইউনিয়ন / সংগঠন | দাবি করা ফিটমেন্ট ফ্যাক্টর | প্রস্তাবিত সর্বনিম্ন মূল বেতন | ১৮,০০০ টাকা মূল বেতনের ওপর আনুমানিক নতুন বেতন |
| ভারতীয় প্রতিরক্ষা মজদুর সঙ্ঘ (BPMS) | ৪.০ | ₹৭২,০০০ | ₹৭২,০০০ |
| ন্যাশনাল কাউন্সিল-JCM (NCJCM) | ৩.৮৩৩ | ₹৬৯,০০০ | ₹৬৮,৯৯৪ |
| অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) | ৩.৮৩৩ | ₹৬৯,০০০ | ₹৬৮,৯৯৪ |
| মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশন | ৩.৮ | ₹৬৫,০০০ | ₹৬৮,৪০০ |
| ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO) | ৩.০ – ৩.২৫ | ₹৫৪,০০০ – ₹৫৮,৫০০ | ₹৫৪,০০০ – ₹৫৮,৫০০ |
| অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) | নূন্যতম ৩.০ | ₹৫৪,০০০ | ₹৫৪,০০০ |
৩.০x থেকে ৪.০x ফিটমেন্ট ফ্যাক্টরের প্রভাব: সবচেয়ে বেশি লাভ কোথায় ?
৪.০x ফিটমেন্ট ফ্যাক্টর (সর্বোচ্চ দাবি): ভারতীয় প্রতিরক্ষা মজদুর সঙ্ঘ (BPMS) সবচেয়ে জোরালো দাবি জানিয়েছে। যদি সরকার ৪.০ গুণকটি মেনে নেয়, তবে কর্মচারীদের বেতন সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে। এর ফলে বর্তমান সর্বনিম্ন ১৮,০০০ টাকা বেসিক সরাসরি ৭২,০০০ টাকা হয়ে যাবে।
৩.৮৩৩x ফিটমেন্ট ফ্যাক্টর: NCJCM এবং AIDEF-এর মতো বড় সংগঠনগুলি এই দাবিটি করেছে। এটি পাস হলে সর্বনিম্ন বেসিক পে দাঁড়াবে প্রায় ৬৯,০০০ টাকা (ভাতা যুক্ত হওয়ার আগে)।
৩.০x ফিটমেন্ট ফ্যাক্টর (মাঝারি দাবি): FNPO এবং AITUC তুলনামূলকভাবে কিছুটা নরম অবস্থান নিয়ে নূন্যতম ৩.০ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে, যার ফলে সর্বনিম্ন বেতন হবে ৫৪,০০০ টাকা।
এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে ?
মনে রাখতে হবে, এখনও পর্যন্ত অষ্টম বেতন কমিশনের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্ত বা অনুমোদন করা হয়নি। ইউনিয়নগুলির সঙ্গে আলোচনা ও মতামত আদানপ্রদানের প্রক্রিয়া জারি রয়েছে। আগামী ২২-২৩ জুন উত্তরপ্রদেশের লখনউতে এই বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কমিশনের সামনে তাঁদের দাবি পেশ করবেন।
আরও পড়ুন : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
