জয়পুর: আইপিএল শেষের দিকে। ১০টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে ৮টি দলের ট্রফি জেতার স্বপ্ন ভেঙে গিয়েছে। রবিবার ফাইনালে গুজরাত টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (GT vs RCB) মধ্যে যে কোনও একটি দল ট্রফি জিতবে। শুক্রবার রাজস্থান রয়্যালস অষ্টম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, রিয়ান পরাগের নেতৃত্বাধীন এই দলকে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৭ উইকেটে হারিয়েছে গুজরাত।
ম্যাচের পর রাজস্থান রয়্যালসের কোচ কুমার সঙ্গকারা সরাসরি স্যাম কারানের দিকে আঙুল তুললেন, যিনি ট্রেডের মাধ্যমে CSK থেকে RR-এ যোগ দিয়েছিলেন, কিন্তু চোটের কারণে খেলেননি।
রাজস্থান রয়্যালস ট্রেড ডিলের মাধ্যমে সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিংসে পাঠায়, এর পরিবর্তে রবীন্দ্র জাডেজা এবং স্যাম কারানকে তাদের দলে অন্তর্ভুক্ত করে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কুঁচকির চোটের কারণে তিনি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। রাজস্থান তাঁর পরিবর্তে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে অন্তর্ভুক্ত করে।
গুজরাত টাইটান্সের কাছে কোয়ালিফায়ার টুয়ে হারের পর রাজস্থান রয়্যালসের প্রধান কোচ কুমার সঙ্গকারা ক্ষোভ প্রকাশ করে বলেন যে, IPL 2026 চলাকালীন স্যাম কারান ‘সারে’ (Surrey Team)-এর হয়ে কাউন্টি খেলছিলেন। তিনি বলেন, “আমাদের বলা হয়েছিল যে স্যাম কারানের চোট গুরুতর, ও IPL 2026 শেষ না হওয়া পর্যন্ত সুস্থ হতে পারবে না। আমি ওকে ‘সারে’-র হয়ে ২-৩টি ম্যাচ খেলতে দেখেছি, যা হতাশাজনক ছিল। আমরা ওকে আমাদের দলে খেলতে দেখতে চেয়েছিলাম।” যদিও তিনি এও বলেন যে, ভাল হয়েছে যে তাঁদের আগেই জানানো হয়েছিল, যাতে তাঁরা তাঁর পরিবর্ত খুঁজে নিতে পারেন।
আরও পড়ুন: দুর্ব্যবহারের অভিযোগ তুলে সৌরাশিসের সঙ্গেই যোগাযোগ! প্রাক্তন ট্রেনারকে নিয়ে অস্বস্তিতে CAB
স্যাম কারান এখনও পর্যন্ত খেলা তিনটি ম্যাচে সারে দলের অধিনায়কত্ব করেছেন এবং টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি কয়েক দিন আগে তাঁর চোট নিয়ে বলেছিলেন, ‘আমি কবে পুরোপুরি সুস্থ হতে পারব, তা বলা যাচ্ছে না।’ তিনি বলেছিলেন যে, স্ক্যানে চোট গুরুতর দেখা গিয়েছে, তাই তাঁকে IPL 2026 থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
আরও পড়ুন: স্থানীয় লিগের ম্যাচ দেখে বিরাগভাজন, জেলার ক্রিকেটারদের উপেক্ষা! ছাঁটাইয়ের পর তোপ অরিন্দমের
রাজস্থান রয়্যালসে অন্তর্ভুক্ত বৈভব সূর্যবংশীর জন্য এই মরশুমটা দুর্দান্ত কেটেছে, তিনি ১৬ ইনিংসে ৭৭৬ রান করেছে। ফাইনালের আগে পর্যন্ত সে অরেঞ্জ ক্যাপের অধিকারী, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন শুভমন গিল (৭২২) এবং সাই সুদর্শন (৭১০)। অরেঞ্জ ক্যাপের জন্য গিল এবং সুদর্শনের মধ্যেও লড়াই চলছে।
