বার্মিংহাম: বিলেত সফরটা গোটা ভারতীয় দলের জন্যই ভাল কাটেনি। পরের পর ছয়টি টি-২০ ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া। সেই টি-২০-তে অলরাউন্ডার হিসাবে অক্ষর পটেলের (Axar Patel) পারফরম্যান্স নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। ব্যাটে তিনি রান পাননি, বলে তেমন উইকেট নেই, উপরন্তু প্রচুর রান খরচ করেছিলেন তিনি। তবে তিনি অবশেষে ফর্মে ফিরলেন এবং তাঁর ফর্মে ফেরার সঙ্গে সঙ্গেই ভারতও জয়ের সরণিতে ফিরল।
বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডকে (ENG vs IND) কার্যত হেলায় হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ব্য়াটে, বলে অক্ষর তো অনবদ্য পারফর্ম করলেনই, পাশাপাশি অধিনায়কোচিত ইনিংস খেললেন শুভমন গিলও (Shubman Gill)। ফলে ২৮ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে ছয় উইকেটে হারাল ভারত।
