হায়দরাবাদ: প্রতিপক্ষ ছিল চলতি আইপিএলের (IPL 2026) টেবিল টপার রাজস্থান রয়্যালস, সেই দলের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs RR) শুধু সোমবার নিজেদের ম্যাচ বিরাট বড় ব্যবধানে জিতলই না, খুঁজে পেয়ে গেল দুই নতুন তারকাকেও। বিশেষত প্যাট কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের এ মরশুমের বোলিং নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে সেই বোলিংই ম্যাচ জেতাল সানরাইজার্সকে। একই ম্যাচে এক নয়, দুই দুইটি তরুণ ভারতীয় বোলারকে পেয়ে গেল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজ়ি। দুই ম্য়াচ হারের পরে জয়েও ফিরল তারা। স্বাভাবিকভাবেই তাই সোমবারের রাতটা কাব্য মারানদের (Kavya Maran) জন্য অত্যন্ত আনন্দের ছিল, আর সেই আবহেই তাঁকে এক সমর্থক ফুল দিলেন।
সানরাইজার্সের দুরন্ত জয়ের পরেই সম্ভবত মাঠ থেকে বের হচ্ছিলেন সানরইজার্স হায়দরাবাদের অন্যতম কর্ণধার কাব্য মারান। তিনি লিফটে তাঁর সঙ্গী সাথীদের সঙ্গেই উঠছিলেন। তখনই এক সমর্থক কাব্য মারনকে একটি নীল রঙের ফুল উপহার দেন। হাসি মুখেই কাব্য সেই উপহার গ্রহণ করে সেই সমর্থককে ধন্যবাদ জানান। কাব্যর এই ছোট্ট কিন্তু সমর্থকদের প্রতি মিষ্টি ব্যবহারই সকলের মন জিতে নেয় আর ভাইরাল হয়ে যায় ম্যাচের ভিডিওটি।
A fan gave Kavya Maran flowers to congratulate her.
– Kavya smiled and took them from the fan. ❤️ pic.twitter.com/bd12Ej7FHk
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 14, 2026
ম্যাচের কথা বলতে গেলে এদিন সানরাইজার্সের জয়ের নায়ক প্রফুল্ল হিঙ্গে এবং সাকিব হোসেন, দুই ভারতীয় তরুণ ফাস্ট বোলার যাঁরা এই ম্যাচেই নিজেদের অভিষেক ঘটান। উভয় তরুণ ফাস্ট বোলারই স্বপ্নের অভিষেক ঘটান। প্রফুল্ল ৪ ওভারে ৩৪ রানে নেন ৪ উইকেট। ৪ ওভারে ২৪ রানে চার শিকার করেন সাকিব। এই দুইয়ের বিধ্বংসী বোলিংয়েই সানরাইজার্স ৫৭ রানের বড় ব্যবধানে রাজস্থানকে হারায়।
তার আগে প্রথমে ব্যাট করে সানরাইজার্স ছয় উইকেটের বিনিময়ে ২১৬ রান তোলে। সৌজন্যে দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক ঈশান কিষাণ। ঈশান কিষাণ মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি। ৯১ রান করে ফেরেন। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই রাজস্থান রয়্যালস মাত্র নয় রানের বিনিময়ে আধা দল হারিয়ে ফেলেছিল। সেখানেই ম্যাচের ভাগ্য মোটামুটি নির্ধারিত হয়ে যায়। শেষের দিকে ডোনাভন ফারেইরা ৬৯ এবং রবীন্দ্র জাডেজা ৪৫ রানের ইনিংসে খানিকটা লড়াই করেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৫৯ রানেই গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস।
