মুম্বই: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের জন্য রোহিত শর্মাকে দলে নিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক মণ্ডলী। আর এরপরই তাদের সমালোচনায় মুখর হলেন সঞ্জয় মঞ্জরেকর। রোহিতের মত এত বয়স্ক একজন প্লেয়ার, যিনি বর্তমানে আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন, তাঁকে কোন যুক্তিতে দলে নেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন। এমনকী তরুণ ও ফর্মে থাকা প্লেয়ারদের কেন বাদ দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন মঞ্জরেকর। নির্বাচক কমিটির সদস্যদের জয়সওয়ালের কাছে ক্ষমা চাওয়ার বার্তাও দিয়েছেন।
মঞ্জরেকর তাঁর বক্তব্যে মূলত তুলে ধরেছেন দুটো নাম। যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। এই দুই তরুণকে ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়নি। যা দেখে অবাক হয়েছেন মঞ্জরেকর। ৩৯ বছর বয়সি রোহিত তাঁর কেরিয়ারের সায়াহ্নে রয়েছেন। এই পরিস্থিতিতে কীভাবে প্রাক্তন ভারত অধিনায়ককে দলে নেওয়া হল, তা যুক্তিযুক্ত মনে হয়নি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের।
মঞ্জরেকর বলেন, ‘সাই সুদর্শন ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে চারটি ইনিংস খেলেছে, তার মধ্য়ে তিনটি অর্ধশতরান হাঁকিয়েছে। যশস্বী জয়সওয়ালের শেষ ইনিংস ছিল অপরাজিত ১১৬। তবুও এই ছেলেরা ভারতের হয়ে খেলছে না। তার বদলে নির্বাচকরা এমন একজন অভিজ্ঞ খেলোয়াড়কে বেছে নিয়েছেন যার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে ও যিনি স্পষ্টভাবে ফর্মে নেই। এখন এটা আমাকে ব্যাখ্যা করুন। এর পেছনে যুক্তি কী? এর ভিশন কী?’
মঞ্জরেকর দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ২৪ বছরের তরুণ ব্যাটার জয়সওয়ালের ভারতীয় দলের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে ওপেনিংয়ে সুযোগ পাওয়া উচিৎ ছিল আফগানিস্তান সিরিজে। শুভমন গিল, সাই সুদর্শন ও যশস্বী জয়সওয়ালকে জাতীয় ওয়ান ডে দলের নিয়মিত দেখতে চাইছেন মঞ্জরেকর। নির্বাচক কমিটির ওপর এতটাই ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যে তিনি বলেছেন, ‘যদি নির্বাচক কমিটির কোনো কারণে আপস করতে হয় ও রোহিত শর্মাকে নির্বাচন করতে হয়, তাহলে প্রথম কাজটি হওয়া উচিত ফোন তুলে জয়সওয়ালকে কল করা ও ক্ষমা চাওয়া। এই তরুণ খেলোয়াড় টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন পর্যায়ে অসাধারণ কিছু পারফর্ম করেছে। তার বয়স মাত্র ২৪, সে তার সেরা সময়ে আছে ও সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। একই কথা সাই সুদর্শনের ক্ষেত্রেও প্রযোজ্য। গিল, সুদর্শন ও জয়সওয়ালের মতো খেলোয়াড়রা ওয়ানডে ক্রিকেটে ভারতের শীর্ষ তিন ব্যাটসম্যান হওয়ার জন্য একেবারে উপযুক্ত।’
