মুম্বই: বিগত ছয় ম্যাচে একটি জয়, আইপিএলের (IPL 2026) লিগ তালিকায় নয় নম্বরে। বলা ভাল সানরাইজার্সের বিরুদ্ধে বুধবারের ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স (MI vs SRH) বেশ চাপেই। এমন পরিস্থিতিতে দলের অভিজ্ঞ ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কামব্যাক নিঃসন্দেহেই মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের ভরসা জোগাবে। তবে তাঁর প্রত্যাবর্তন ঘিরে মুম্বই ম্যানেজমেন্টের মুখে কুলুপ।
১২ এপ্রিল রোহিত শর্মা পেশির চোটের কারণে আরসিবির বিরুদ্ধে ম্য়াচের মাঝেই রিটায়ার্ড হার্ট হন। তারপর থেকে তিনি আর একটিও ম্যাচ খেলেননি। রোহিতকে অবশ্য বহুবার তারপরেও নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। তবে তাঁকে ম্যাচ খেলতে দেখা যায়নি। তাঁকে নিয়ে মুম্বই ম্যানেজমেন্টের মন্তব্য এখনও কার্যত একই। রোহিত চোট সারানোর সফরে অনেকটা এগিয়ে এসেছেন, তবে তাঁর খেলা বা না খেলাটা নিয়ে ম্যাচে টসের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে। PTI-কে রেকর্ড চ্যাম্পয়িন দলের এক মুখপাত্র জানান, ‘প্রাক্তন অধিনায়ক ওয়াংখেড়েতে দলের অনুশীলনে উপস্থিত ছিলেন। দুই সাপোর্ট স্টাফের তদারকিতে তিনি খানিকটা ওয়ার্ম আপ করার পর একটু দৌড় ঝাঁপ করেন। তারপর একটু কথাবার্তা বলে মাঠ ছাড়েন। মঙ্গলবার তিনি দলের নেটে ব্যাটিং করেননি।’
একদিকে যেখানে রোহিত শর্মা চোটের কারণে মাঠের বাইরে, সেখানে দলের আরেক সিনিয়র ক্রিকেটার তথা ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রানের খরার মধ্য়ে দিয়ে যাচ্ছেন। চূড়ান্ত হতাশাজনক ২০২৫ সালের পর নতুন বছরের শুরুটা কিন্তু সূর্য দারুণভাবে করেছিলেন। জানুয়ারিতে জাতীয় দলের হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে তিনটি অর্ধশতরান হাঁকান তিনি। বিশের বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচে সূর্যকুমার টিম ইন্ডিয়ার হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভাল ইনিংস খেলে দলকে জেতান। তবে তারপর থেকে তিনি ফের একবার রানের খরায় পড়েছেন। চলতি আইপিএলেও সেই খরা অব্যাহত।
সেই খরা থেকে বেরিয়ে আসতে বদ্ধপরিকর স্কাই। গত বারের মতো এবার অবশ্য সাময়িক বিরতি নয়, তিনি বেছে নিলেন কড়া অনুশীলনের বিকল্প। এদিন সন্ধে ছয়টা থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলন ছিল। তবে পল্টনদের অনুশীলন শুরুর বহু আগেই সূর্যকুুমার ব্যাটিংয়ে নেমে পড়েন। প্রায় দেড় ঘণ্টা নেটে ব্যাটিং অনুশীলন সারেন তিনি। এমন কড়া সেশনের পর অবশ্য তাঁকে প্রতিপক্ষ দলের ঈশান কিষাণ এবং অভিষেক শর্মার সঙ্গে খোশমেজাজে খানিকটা আড্ডা দিতেও দেখা যায়।
