নয়াদিল্লি: চলতি আইপিএল (IPL 2026) মরশুমটা হার্দিক পাণ্ড্য এবং মুম্বই ইন্ডিয়ান্সের জন্য বেশ কঠিনই গিয়েছে। নিজেদের ইতিহাসে প্রথমবার পাঁচ বারের চ্যাম্পিয়নরা লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছে। পল্টন অধিনায়ক হিসাবে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) পারফরম্যান্সও আশানুরূপ হয়নি। এরপরেই তাঁর মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ভবিষ্যৎ নিয়ে না না জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। এরই মাঝে এক বড় খবর সামনে এল।
হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব ছাড়তে পারেন এবং তাঁর জায়গাও দলে নিশ্চিত নয় বলে Indian Express-র রিপোর্টে দাবি করা হয়েছিল। বলা হয়েছিল তিন তিনটি সূত্র মারফৎ তাঁরা হার্দিকের অধিনায়কত্ব হারানোর আভাস পেয়েছে। এবার PTI-র রিপোর্টে দাবি করা হচ্ছে হার্দিক না কি নিজেই মুম্বই ইন্ডিয়ান্স ম্য়ানেজমেন্টকে আগামী মরশুমে নিজের দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন এবং বর্তমান পরিস্থিতিতে পরের মরশুমে তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের খেলা কার্যত অসম্ভবই মনে হচ্ছে।
রিপোর্টে দাবি করা হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে পৌঁছনোর স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পরেই হার্দিক ও মুম্বই ইন্ডিয়ান্স পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাঁদের সম্পর্ক শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে। দাবি করা হচ্ছে হার্দিক দলের ম্যানেজমেন্ট এবং সিনিয়র ক্রিকেটারদের প্রতি আর ধৈর্য্য রাখতে পারছেন না। তিনি মানসিকভাবে নাকি বিধ্বস্তও হয়ে পড়েছেন।
রিপোর্টে এক সূত্র জানান, ‘হার্দিক মানসিকভাবে প্রচণ্ড চাপে ছিলেন এবং তিনি বিধ্বস্তও হয়ে যান। ওঁর তো পিঠে চোটও লাগে। এমনকী প্লে-অফের আশা শেষ হয়ে যাওয়ার পরেই হার্দিক দলের হয়ে যারা সিদ্ধান্ত নেন, তাদের জানিয়ে দিয়েছেন যে তিনি আর থাকবেন না। একটু বোঝার চেষ্টা করবেন যে হার্দিকের বয়স এখন ৩২। ওঁ প্রথম মরশুমে যখন দলে ফিরেছিল, তখন ওঁর বয়স ছিল ৩০ বছর এবং ওঁকে সকলে বু করেছিল। এমনকী এই মরশুমেও জিনিসপত্র পরিকল্পনামাফিক হয়নি।’
আরও পড়ুন:- তাঁর ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন হার্দিক পাণ্ড্য?
রিপোর্টে দাবি করা হচ্ছে দলের সমস্ত সিনিয়র ক্রিকেটাররা নাকি একত্রিত হয়ে দলের জন্য খেলতে পারেননি। দাবি করা হচ্ছে হার্দিক দলের সিনিয়র ক্রিকেটারদের আচরণে অত্যন্ত আঘাত পেয়েছেন এবং তারা জাতীয় দলের হয়ে খেলার সময় হার্দিকের থেকে সর্বস্বটা উজাড় করে দেওয়ার আশা করলেও, নিজেরা এ মরশুমে তেমনটা করেননি। আরও দাবি করা হচ্ছে অগাস্টের মাঝামাঝি সময়ে হার্দিকের পরবর্তী গন্তব্যের বিষয়ে কিছুটা ধারণা পাওয়া গেলেও যেতে পারে।
