সন্দীপ সরকার, কলকাতা: বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস। শ্লীলতাহানি থেকে শুরু করে তোলাবাজি, একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর দাদা অরূপ বিশ্বাস রাজ্যের বিদায়ী সরকারের ক্রীড়ামন্ত্রী। তাঁর বিরুদ্ধেও ভুরিভুরি অভিযোগ। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি শো ভেস্তে যাওয়ার পর অরূপ বিশ্বাসের নামে FIR করেছেন আয়োজক শতদ্রু দত্ত। বিধাননগর থানায় জিজ্ঞাসাবাদের জন্য অরূপ বিশ্বাসকে ডাকা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছেন।
স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে বড় হুঁশিয়ারি দিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। জানিয়ে দিলেন, খেলার মাঠকেও স্বচ্ছ করে তুলতে আগামী কয়েকদিন বড় পদক্ষেপ করা হবে।
গত মরশুমে রাজ্য গেমসে অ্যাথলিটদের নিম্নমানের খাবার দেওয়া থেকে শুরু করে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। শুক্রবার দুপুরে যুবভারতী স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করে নিশীথ বললেন, ‘যারা আমাদের রাজ্যের প্রতিশ্রুতিমান খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। অননুমোদিত লোকেদের দিয়ে যারা রাজ্য গেমস আয়োজনের মতো পদক্ষেপ করেছিল, তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে তদন্ত হবে। তার অডিট আমরা করব। যারা ধরা পড়েছে বা যারা কাস্টডিতে আছে, এরা তো সব কান। মাথা আসা এখনও বাকি রয়েছে। কান টানলে মাথা আসবে নিশ্চিতভাবে আপনারা জানেন। এই সবে শুরু। বিচারাধীন ব্যাপার, খুব বেশি কিছু বলব না। তবে যা শুরু করেছি, ময়দানকে রাজনীতিমুক্ত করেই ছাড়ব।’
আরও পড়ুন: ৬৪ বছরের পুরনো রেকর্ড ছোঁয়ার হাতছানি, বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার শক্তি কী, দুর্বলতা কোথায়?
যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল প্রবেশদ্বারের সামনে গত পনেরো বছর ধরে দাঁড়িয়ে থাকা মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় কার মূর্তি বসবে, তা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে বাঙালির আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছর কলকাতা ফুটবল লিগে বেটিংয়ের অভিযোগ উঠেছিল। যা নিয়ে বিতর্ক চলছে এখনও। অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গোলমালের উৎস কোথায় এবং কারা মূল চক্রী তা নিয়ে ময়দানে চর্চা রয়েছে। কলকাতা লিগে বল গড়াবে ২৫ জুন থেকে। বিষয়টি নিয়ে জানেন ক্রীড়ামন্ত্রী। নিশীথ বলেছেন, ‘আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে চমক আসছে ক্রীড়া প্রশাসনেও পরিবারতন্ত্রের অবসান হবে। একইভাবে রাজ্য ক্রীড়া পরিকাঠামোর বিভিন্ন অভিযোগ নিয়েও অডিট করা হবে।’
৭ জুন বিশ্ব সাইকেল দিবস। সেদিন ভোর সাড়ে পাঁচটায় যুবভারতী স্টেডিয়াম থেকে সাইকেল ব়্যালি হবে। থাকবেন নিশীথ প্রামাণিক।
