কলকাতা: কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী মঞ্চে নৃত্য পরিবেশন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরনি ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) । তবে সেই অনুষ্ঠানের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কটূক্তির নিশানা হচ্ছেন বলে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ-জায়া । ট্রোলিং বন্ধ করতে পুলিশের দ্বারস্থ সৌরভ-পত্নী । FIR রুজু করে তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিশ । শুক্রবার সকাল থেকে যা নিয়ে হইচই পড়ে গেল ।
কলকাতা চলচ্চিত্র উৎসবে নৃত্য পরিবেশন করেন ডোনা । যিনি পেশায় ওডিশি নৃত্যশিল্পী । দীক্ষামঞ্চরী নামে একটি নাচের স্কুলও চালান ডোনা । তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে তাঁর নাচ দেখে অনেকে ‘বডি শেমিং’ শুরু করেন বলে অভিযোগ । কয়েকজন তো এমনও লেখেন যে, ওড়িশি নাচের নাম করে লোক ঠকাচ্ছেন ডোনা । তাঁর নাচের ধরন, কোরিওগ্রাফি, শরীরের গড়ন – সব কিছু নিয়েই শুরু হয় ট্রোলিং ।
ক্ষুব্ধ ডোনা তা নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে খবর । পুলিশের তরফে জানানো হয়েছে, কলকাতা চলচ্চিত্র উৎসবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান ঘিরেই তাঁর বিরুদ্ধে কুমন্তব্য করা হয়েছে বলে অভিযোগ । ডোনার অভিযোগ অনুযায়ী, গত ৪৫ বছর ধরে তিনি ভারতীয় ধ্রুপদী নৃত্য অভ্যাস ও অনুষ্ঠান করছেন । নাচ তাঁর পেশা ও আবেগ । সারা বিশ্বজুড়ে ওডিশি নৃত্যের অনুষ্ঠান করেন তিনি । প্রচুর শিক্ষার্থী তাঁর কাছে নাচ শেখেনও । এই ধরনের বিদ্রুপে তাঁর সম্মানহানি হচ্ছে বলে অভিযোগ করেছেন ডোনা ।
ডোনার অভিযোগের আঙুল একটি বিশেষ ফেসবুক পেজের বিরুদ্ধে । বলা হচ্ছে, ওই নির্দিষ্ট ফেসবুক পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘বডি শেমিং’য়ের পাশাপাশি তাঁকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্যও করা হয়েছে । তার ফলে তাঁর খ্যাতি ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে । এতে তাঁর খ্যাতি ও সুনাম বিপন্ন হচ্ছে বলে পুলিশে অভিযোগ করেছেন ডোনা । বডি শেমিং ও এই বিষয়ে তির্যক মন্তব্য যে কোনও মহিলার পক্ষেই সম্মানহানিকর বলেও পুলিশকে জানিয়েছেন ডোনা ।
ডোনার অভিযোগ পাওয়ার পর পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে । ঠাকুপুকুর থানা তদন্ত শুরু করেছে বলে খবর ।
