মুম্বই: ২০১৪ সাল। ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। ব্যাটে-বলের লড়াইয়ের পাশাপাশি যা খবরের শিরোনামে উঠে এসেছিল সেই সময়ে তা ছিল বিহরাট কোহলি ও মিচেল জনসনের মধ্য়ে ঝামেলা। সম্প্রতি বিরাট কোহলি ও ট্রাভিস হেডের মধ্যে যে ঝামেলার খবর উঠে এসেছে, তার পরই ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্য়েকার সম্পর্ক নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটেই ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ২০১৪ সালের স্মৃতি উসকে দিয়েছেন। সেই সময় কীভাবে বিরাটের পাশে দাঁড়িয়ে তাঁকেও পুরো ঘটনা সামাল দিতে হয়েছিল তা উল্লখ করেছেন শাস্ত্রী।
ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেন, ‘এটা মেলবোর্নে একটি ঘটনা হয়েছিল। মিচেল জনসন ও বিরাট কোহলি একে অপরের সঙ্গে লাগাতার তর্ক করছিল। কিন্তু ঘটনার শুরুতেই কিন্তু জনসন বিরাট কোহলি শরীরে আঘাত করেছিল বল দিয়ে। লাঞ্চের সময় থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। দু’জনই একে অপরের দিকে কটমট করে তাকাচ্ছিল। কোহলি যখন ড্রেসিংরুমে ঢোকে, আমি ওকে ধরে বলেছিলাম, এখানে এসো, শান্ত হয়ে নিজের ব্যাটিংয়ে মন দাও। সেই সময়গুলো এখন মনে করলে গায়ে কাঁটা দেয়।’
