নয়াদিল্লি: মানুষে মানুষে দূরত্ব বাড়ছে। সেই জায়গা নিয়ে নিচ্ছে AI. কাছের মানুষের পরিবর্তে AI-এর কাছে মনের কথা উগরে দিচ্ছেন অনেকেই। কিন্তু তাতে কি বিপদ ঘনিয়ে আসছে? নতুন করে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ কানাডার নাগরিক, এক মহিলা OpenAI এবং সংস্থার সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা ঠুকেছেন। ওই মহিলার দাবি, ChatGPT-ই তাঁর মেয়েকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। (ChatGPT Sued)
ChatGPT-র স্রষ্টা OpenAI এবং স্যাম অল্টম্যানের বিরুদ্ধে সান ফ্রান্সিসকো আদালতে মামলা ঠুকেছেন ক্রিস্টি ক্যারিয়ার। ক্রিস্টির মেয়ে, ২৪ বছর বয়সি অ্যালিস সম্প্রতি আত্মহত্যা করেন। ক্রিস্টির দাবি, বারংবার ChatGPT-কে মানসিক অবস্থার কথা জানিয়েছিলেন অ্যালিস। আত্মহত্যার ভাবনার কথাও জানান। কিন্তু OpenAI-এর সেফটি সিস্টেম কখনও সেই কথোপকথন পর্যালোচনার জন্য পাঠায়নি, কথোপকথন বন্ধও করেনি। (OpenAI Sued by a Mother)
আরও পড়ুন: অযোধ্যার রামমন্দিরের কোটি কোটি টাকা গায়েব! তদন্ত শুরু হল, ব্রিজভূষণ বললেন, ‘সময় এলে বলব’
ক্রিস্টির দাবি, অ্যালিসকে শান্ত করার পরিবর্তে, অ্যালিসের সঙ্গীর সমালোচনা করে ChatGPT. অ্যালিসের আত্মহত্যার ভাবনাকে যুক্তিযুক্ত বলে তুলে ধরে, কথাবার্তা চালিয়ে যেতে উৎসাহ জোগায়, যা তাঁর মেয়েকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। ক্রিস্টির অভিযোগ, অ্যালিসের সঙ্গে কথা বলার সময় ঘনিষ্ঠ বন্ধুর এমনকি থেরাপিস্টের মতো আচরণ করে ChatGPT. অথচ এমন পরিস্থিতিতে কী ভাবে কথা বলতে হয়, কতটা দায়িত্বশীল হয়, তা জানাই ছিল না ChatGPT-র।
গোটা ঘটনায় OpenAI-এর এক মুখপাত্র দুঃখ প্রকাশ করেন। অ্যালিসের মৃত্যুকে বেদনাদায়ক বলে উল্লেখ করেন। তিনি জানান, ChatGPT-র যে ভার্সনটি ব্যবহার করছিলেন অ্যালিস, সেটি আর নেই। তাঁর দাবি, ChatGPT চিকিৎসা, বিশেষ করে মানসিক চিকিৎসার বিকল্প না হলেও, AI চ্যাটবটটি যথেষ্ট সংবেদনশীল এবং বিশেষ পরিস্থিতিতে মনোরোগ বিশেষজ্ঞদের সুপারিশমতোই শলা-পরামর্শ দিয়ে থাকে। কিন্তু মেয়ের মৃত্যুর জন্য ChatGPT-কেই দুষছেন ক্রিস্টি।
আরও পড়ুন: ১৮ ঊর্ধ্বদের আর আধার দেওয়া হবে না, সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব সরকারের
মন্টরিয়ালে ওয়েব ডেভলপার হিসেবে কর্মরত ছিলেন অ্যালিস। ২০২৩ সাল থেকে ChatGPT ব্যবহার করতে শুরু করেন। খুঁটিনাটি সমস্যার কথা জানাতে শুরু করেন চ্যাটবটটিকে। ২০২৪ সাল থেকে ChatGPT-র সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলাতে থাকে অ্যালিসের। আত্মহত্যার ভাবনা নিয়ে কী করা উচিত, তা নিয়েও ChatGPT-র শরণাপন্ন হন। আত্মহত্যা কী ভাবে করা যায়, সেই নিয়েও পরামর্শ চান।
ChatGPT-র সঙ্গে মেয়ের কথোপকথনকে তুলে ধরে ক্রিস্টি জানিয়েছেন, প্রথম দিকে অ্যালিসকে সুপরামর্শই দেয় ChatGPT. চিকিৎসকের সাহায্য় নিতে বলে। কিন্তু সময়ের সঙ্গে OpenAI যত ChatGPT-কে আপডেট করতে শুরু করে, আরও বেশি করে মানুষের মতো আচরণ করতে শুরু করে চ্যাটবটটি। আরও গভীর আলোচনা শুরু হয় দু’জনের মধ্যে। ব্যক্তিগত তথ্যও ভাগ করে নিতে শুরু করেন অ্যালিস।
ক্রিস্টির দাবি, অ্যালিসের সঙ্গীরও ঘোর সমালোচনা করে ChatGPT. অ্যালিস ফের আত্মঘাতী হওয়ার ভাবনার কথা জামালে, প্রথমে জরুরি পরিষেবার শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয় ChatGPT. অ্যালিস যখন জানান, অন্য কোথাও থেকে সাহায্য় মেলে না, সেই সময় অ্যালিসের মনঃপুত হয় এমন কথাই বলতে শুরু করে ChatGPT. একটা সময় অ্যালিসকে ChatGPT বলে, ‘এটাই হয়ত শেষ’। এতেই অ্যালিস আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি ক্রিস্টির।
তবে এই প্রথম নয়, ক্রিস্টির আইনজীবী জানিয়েছেন, OpenAI-এর বিরুদ্ধে এমন ১৮টি মামলা রয়েছে ক্যালিফোর্নিয়ায়। এমনকি বন্দুকবাজকে স্কুলে হামলা চালাতে ChatGPT সহযোগিতা করে বলেও অভিযোগ রয়েছে। চলতি মাসেই ফ্লোরিডায় Open AI-এর বিরুদ্ধে মামলা হয়। বন্দুকবাজদের সম্পর্কে তথ্য দিয়ে শিশুদের ChatGPT বিচলিত করে তোলে বলে অভিযোগ সেখানে। এমনকি মানুষজনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, নেশায় আসক্তি করে তোলার অভিযোগও রয়েছে।
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান
