পার্ল: সপ্তাহান্তে পার্লের বোল্যান্ড পার্কে মুখোমুখি হয়েছিল পার্ল রয়্যালস এবং প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals vs Paarl Royals)। সেই ম্যাচের সময়ই আগুন লাগে। তবে মাঠ নয়, বোল্যান্ড পার্কের বাইরেই আগুন লাগে।
ম্যাচের চতুর্থ ওভারে মাঠের পশ্চিম দিকের পার্কিংয়ে সর্বপ্রথম আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতি হওয়ার আগেই সপ্তম ওভারের মধ্যে দমকল কর্মীরা ওই আগুন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসেন। কোনও প্রকারের বড় ক্ষতি বা কারুর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। মাঠের বাইরে যে আগুন লেগেছে সেই বিষয়টি নজর এড়ায়নি দলগুলিরও। পার্ল রয়্যালসের সহকারী কোচ তো জানান তাঁরা আগুনের জেরে ম্যাচ থামলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে কী হবে না হবে, তা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলেন। এমনকী তাঁদের হোটেলের কাছাকাছিও একাধিকবার আগুন লাগার খবর পাওয়া গিয়েছে বলেও দাবি তাঁর।
পার্লের সহকারী রিচার্ড দাস নেভেস বলেন, ‘আমরা চোখে (আগুনটা) পড়েছিল। পার্ল ভ্যালিতে গত সপ্তাহখানেকে বেশ কয়েকবার আগুন লাগার বিষয়টি ঘটেছে। যদি মাঠের বাইরে যেতে হয়, সেই কথা ভেবে আমরা তো ডিআরএসের খোঁজে তড়িঘড়ি করছিলাম। তবে বিশ্বের কোনও প্রান্তে যদি দমকল কর্মীরা ভাল কাজ করেন, তাহলে সেটা এখানে পার্লেই।’
প্রতিপক্ষ প্রিটোরিয়া দলের ডাগআউটে আবার ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিই এই বছরে প্রথমবার কোচের দায়িত্ব পালন করছেন। তিনি প্রিটোরিয়ার কোচ। শুরুটা মন্থরভাবে করলেও, তাঁর দল কিন্তু এখন বেশ ভাল জায়গায়। সপ্তাহান্তে লো স্কোরিং ম্য়াচে পার্ল রয়্যালসকে পরাজিত করে প্রিটোরিয়া ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ১৩৮ রান তোলে প্রিটোরিয়া। জবাবে ছয় উইকেটে ১১৭ রানেই থেমে যায় পার্ল।
এদিন প্রিটোরিয়ার তৃতীয় জয়ের নায়ক শারফেন রাদারফোর্ড। চ্যালেঞ্জিং পিচে যেখানে কেউই তেমন রান পাননি, সেখানে রাদারফোর্ড শেষ অবধি ক্রিজে টিকে থাকেন। ৪২ রানের বেশ ভাল একটি ইনিংস খেলে দলকে লড়াইয়ের জায়গা করে দেন ওয়েস্ট ইন্ডিয়ান। ৩১ রানের পার্টনারশিপে তাঁকে খানিকটা সঙ্গ দেন কেশব মহারাজ। তিনি ১২ রান করেন। জবাবে কেশব মহারাজ, রস্টন চেজ়দের দুরন্ত বোলিংয়ে পার্ল বেশিদূর এগোতে পারেনি। মহারাজ প্রিটোরিয়ার হয়ে সর্বাধিক দুই উইকেট নেন।
