সন্দীপ সরকার, কলকাতা: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ এপ্রিলের ম্যাচ ভেস্তে গিয়েছিল কালবৈশাখীতে। রাত পর্যন্ত ঝড়বৃষ্টি চলায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ঘটনা হচ্ছে, চলতি আইপিএলে যে এক পয়েন্ট পেয়েছে কেকেআর, সেটা এসেছিল ওই পরিত্যক্ত ম্যাচ থেকেই।
রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের মতো শো স্টপাররা আছেন। সেই ম্যাচেও কি বাদ সাধতে পারে কালবৈশাখী? কেকেআরের কাছে এখন প্রত্যেক ম্যাচই কার্যত ডু অর ডাই। প্লে অফের দৌড়ে থাকতে গেলে বাকি আট ম্যাচের মধ্যে অন্তত ৭টিতে জিততেই হবে। ফের কি দুর্যোগের কারণে কপাল পুড়তে পারে নাইটদের? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ওড়িশা এবং ঝাড়খন্ডের উপর দিয়ে গিয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশাতে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
তবে হাওয়া অফিস এ-ও জানিয়েছে যে, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। সোমবারের মধ্যে কলকাতার ক্ষেত্রে ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। কলকাতায় কাল থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে।
রবিবার কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ বিকেল সাড়ে তিনটেয়। চলতি আইপিএলে সাত ম্যাচের মধ্যে এই একটিই দুপুরের ম্যাচ রয়েছে ইডেনে। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। তবে সামান্য হলেও, ঝড়বৃষ্টির আশঙ্কাও রয়েছে। যা বাদ সাধতে পারে ম্যাচে।
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন IPL তারকা, বেহুঁশ হয়ে হাসপাতালে, অল্পের জন্য প্রাণে বাঁচেন!
কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ যে পিচে হবে, সেখানে এবারের আইপিএলে এর আগে কোনও ম্যাচ হয়নি। তাজা উইকেট। বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে। বড় রানের ম্যাচ হবে বলেই পূর্বাভাস কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের। বৈভব ঝড় আছড়ে পড়বে ফের?
