নয়াদিল্লি: বিসিসিআইয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের সুযোগ ও পরিস্থিতি বুঝে ঘরোয়া ক্রিকেট খেলাটা বাধ্যতামূলক। এরপরে শোনা যাচ্ছে রোহিত শর্মা (Rohit Sharma) এবং হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), দুই হাইপ্রোফাইল ভারতীয় ক্রিকেটারই বিসিসিআইয়ের দুই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন।
গতকালই রোহিত শর্মা মুম্বইয়ের হয়ে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বলে খবর ভেসে আসছিল। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক ৫০ ওভারের টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলার জন্য সম্মতি দিয়েছেন এবং তিনি মুম্বইয়ের হয়ে নেতৃত্বও করতে পারেন। তবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে এই বিষয়ে রোহিতের তরফে এখনও তাদেরকে কিছু জানানো হয়নি।
মুম্বইয়ের নির্বাচকপ্রধান সঞ্জয় পাতিল এই বিষয়ে বলেন, ‘আমি এই নিয়ে রোহিত শর্মার তরফ থেকে কোনও মেসেজ পাইনি। তবে ও যদি মুম্বইয়ের হয়ে খেলে, তাহলে তো সেটা আমাদের জন্য সুখবরই। বিসিসিআই, অজিত আগরকর এবং গৌতম গম্ভীরের এই পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি।’
এরপরে শোনা যাচ্ছে হার্দিক পাণ্ড্যও বঢোদরার হয়ে খেলবেন। তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে পারেন বলে খবর। ৩২ বছর বয়সি হার্দিক পাণ্ড্য বেশ কয়েকদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। তিনি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে নিজের ফিটনেস ফিরে পাওয়ার জন্য খাটা খাটনি করছিলেন এবং পুরো ফিট হওয়ার পথে অনেকটাই অগ্রসর হয়েছেন।
২৬ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে বঢোদরার প্রথম মুস্তাক আলি ট্রফি ম্যাচেই খেলতে দেখা যেতে পারে। এমনকী তিনি দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেন। পাণ্ড্য ফিটনেস নিয়ে ছাড়পত্র পেলে তিনি সোজা হায়দরাবাদে বঢোদরার দলের সঙ্গে যোগ দেবেন বলে খবর। প্রোটিয়া সফরের আগে হার্দিকের ম্যাচ ফিটনেস দেখে নিতে আগ্রাহী নির্বাচকরা। তাই সব পরিকল্পনামাফিক হলে ভারতীয় জার্সি পুনরায় গায়ে চাপানোর আগে হার্দিককে অন্তত একটি ম্যাচে বঢোদরার হয়ে খেলতে দেখা যেতে পারে।
তবে হার্দিক এবং রোহিতের ঘরোয়া ক্রিকেট খেলার বিষয়ে জল্পনা-কল্পনা শোনা গেলেও, বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও খবর নেই। পরিবারের সঙ্গে বিরাট কোহলি আপাতত লন্ডনেই রয়েছেন। তিনি বর্তমানে সেখানেই থাকেন। তাঁর তরফে বিসিসিআই বা দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কোনও বার্তা পাঠানো হয়নি বলেই শোনা যাচ্ছে।
