July 31, 2026
5595e6161a546383457906ae1841d28017675449329681334_original.jpg
Spread the love


বাংলাদেশের আকাশে-বাতাসে বইছে ভারত বিদ্বেষী হাওয়া। কয়েকদিন পরপরই ওপার বাংলা থেকে মিলছে হিন্দু নিধনের অভিযোগ। হিন্দুদের দোকান লুঠ, মন্দিরে ভাঙচুর থেকে শুরু করে জলজ্যান্ত হিন্দু যুবককে পুড়িয়ে বা পিটিয়ে খুনের অভিযোগও উঠছে। এই তপ্ত পরিস্থিতির আঁচ থেকে বাদ গেল না খেলার দুনিয়াও। আরও ভাল করে বললে ২২গজেও এই উত্তাপের আঁচ পড়েছে। বিসিসিআইয়ের নির্দেশে সদ্য বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের আইপিএল টিম কেকেআর। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের জল অনেকদূর গড়িয়েছে। পরিস্থিতি এখন এমনই যে, বাংলাদেশ থেকেও ‘হুঁশিয়ারি’ আসছে, আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলার জন্য দল পাঠাবে না বিসিবি। এই আবহে কোনপথে হাঁটবে আইসিসি?

এ বছরই দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। ভারতের সঙ্গে এই টুর্নামেন্টের যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা। বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলতে ভারতের মাটিতে আসবে না বলে বেঁকে বসেছে। মুস্তাফিজুরকে কেকেআর টিম থেকে রিলিজ করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। জরুরি বৈঠক করে বিসিবি বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে একপ্রকার বিসিসিআইয়ের সঙ্গে ‘বদলা’ নিতে চাইছে। বিসিবির সাফ কথা, তাদের দাবি না মানা হলে কুড়ি-বিশের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ টিম। এই নিয়ে বিসিবি বিবৃতিও দিয়েছে।

বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজের ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। তিনি ফেসবুকে লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

বিসিবি যে বিশ্বকাপ খেলতে টিম পাঠাবে না, তা বলার পাশাপাশি বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে এও লেখেন, ‘আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়!’

বিসিবি কার্যনির্বাহী কমিটি এই পরিস্থিতিতে এক জরুরি সভার আয়োজন করে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, নিরাপত্তার পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য তারা দল পাঠাবে না। একইসঙ্গে টুর্নামেন্টের আয়োজক আইসিসিকে এই মর্মে চিঠিও দিয়েছে বিসিবি। সেখানে ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি সরিয়ে অন্য জায়গায় করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে বিসিবির বিবৃতিতে এও উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করছে, ক্রিকেটার, কোচিং স্টাফ, অফিশিয়াল এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া অপরিহার্য। বিসিবি এও আশা করছে, আইসিসি পরিস্থিতি বিবেচনা করে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলি শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এই তপ্ত পরিস্থিতিতে আইসিসি এবার কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। আইসিসির মসনদে রয়েছেন জয় শাহ। তাঁর উপস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলি সরে শ্রীলঙ্কায় বা অন্য কোনও জায়গায় কি আদৌ যাবে? তা নিয়ে জোর চর্চা শুরু ক্রিকেটমহলে। 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks