হাওড়া: সামনেই রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ। ২২ জানুয়ারি থেকে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে মুখোমুখি হবে বাংলা ও সার্ভিসেস। নক আউট পর্বে যাওয়ার আগে যে ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেতে ঝাঁপাবে বাংলা দল।
তার চারদিন আগে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল কোথায় রণকৌশল সাজাতে বসবেন, তা নয়, তাঁকে ছুটতে হল এসআইআর শুনানিতে হাজিরা দিতে।
এস আই আর নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। শনিবার দুপুরে তিনি পিলখানার কাছে ব্রিজ অ্যান্ড রুফ কারখানার শুনানি কেন্দ্রে কাগজপত্র নিয়ে হাজিরা দেন। এদিন তিনি বলেন, গত ৭ জানুয়ারি নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি শুনানির জন্য নোটিশ পান। সেই অনুযায়ী তিনি আজকে শুনানিতে এসেছেন। তাঁর থেকে যা যা তথ্য চাওয়া হয়েছিল তা তিনি জমা দিয়েছেন। এদিন তিনি আরও বলেন, ২০০২ সালে ভোটার তালিকায় তাঁর বাবার নাম ছিল না। হয়তো সেই কারণে তাঁকে ডাকা হতে পারে। স্ত্রী ছাড়া তাঁর দাদা এবং বাবাকেও ডেকেছে। তবে বাবা অসুস্থ থাকায় আসতে পারবেন না। এদিন তিনি আরও বলেন নির্বাচন কমিশন এবং ভারতীয় সংবিধানের প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা আছে। তিনি আশা প্রকাশ করেন এসআইআর দেশের ভালর জন্যই হচ্ছে।
মহম্মদ শামি (Mohammed Shami) থেকে শুরু করে অভিনেতা দেব (Dev), জয় গোস্বামী (Joy Goswami) থেকে শুরু করে অনির্বাণ ভট্টচার্য্য (Anirban Bhattacharya), SIR শুনানিতে ডাক পেয়েছেন বিভিন্ন পরিসর থেকে একাধিক বড় নাম। সেই তালিকায় নাম যুক্ত হল লক্ষ্মীরতন শুক্লর (Laxmi Ratan Shukla)। বর্তমান বাংলা দলের ক্রিকেট কোচ লক্ষ্মীরতন শুক্ল হাওড়ার সালকিয়ার ভোটার। সালকিয়া কেন্দ্রেই শুনানির জন্য ডাকা হয়েছিল লক্ষ্মীরতনকে। তবে যেদিন ডাকা হয়েছিল, তিনি রাজ্যের বাইরে ছিলেন। ‘দল নিয়ে ব্যস্ত, সময় পেলেই যাবেন শুনানিতে’, এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন লক্ষ্মীরতন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি খেলতে সদ্যই তিনি দলবল নিয়ে রাজকোটে ছিলেন। সেই টুর্নামেন্টে যদিও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলা। তবে টুর্নামেন্ট চলাকালীন, হইচই শুরু হয়েছিল, ফাস্টবোলার মহম্মদ শামিকে SIR শুনানির জন্য় ডাকায়। শামি বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। তিনিও জানিয়েছিলেন, ক্রিকেট ম্যাচের জন্য বাইরে রয়েছেন। SIR শুনানিতে পরে যাবেন।
