July 30, 2026
3b7583507668b02b9d48ff33f777d8011785395169372206_original.jpg
Spread the love


কলকাতা: অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane Retirement) অবসর নিয়েছেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় ঘোষণা করেছেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। এবার কি সেই পথেই হাঁটতে চলেছেন মহম্মদ শামি(Mohammed Shami)? ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পরও জাতীয় দলে সুযোগ মিলছে না ৩৫ বছরের তারকা পেসারের। মাঝে চোট আঘাতও কিছুটা তাল কেটেছে। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য কি এবার কেরিয়ার নিয়ে কড়া সিদ্ধান্তটা নিয়েই ফেলবেন? 

২০২৫ সালে গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথম বড় সাফল্য পায় ভারত। চ্য়াম্পিয়ন্স ট্রফি জেতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সেই দলের পেস বোলিং অ্য়াটাকের নেতৃত্বে ছিলেন শামি। কিন্তু এরপর থেকেই চোট আঘাত বারবার হানা দিয়েছে কেরিয়ারে। ইতিমধ্য়েই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি নতুন নতুন মুখদের সুযোগ দেওয়ার পক্ষে এগিয়েছে। উঠে এসেছেন আকাশ দীপ, মুকেশ কুমার, অর্শদীপ সিংহ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণর মত বোলাররা। যা শামির জন্য জায়গা আরও কঠিন করে তুলেছে। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলে পারফর্ম করেছেন ডানহাতি পেসার। কিন্তু তাতেও মন গলেনি নির্বাচকদের।

এখনও পর্যন্ত শামির জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ, এমনটা বলা যায় না। কিন্তু তার জন্য তাঁকেও বিরাট কিছু নজরকাড়া পারফর্ম করতে হবে ঘরোয়া ক্রিকেটে। কারণ নতুনদের ভিড়ে ইতিমধ্য়েই শামির মত ভুবনেশ্বর কুমারকেও ব্রাত্য করে দিয়েছে টিম ম্য়ানেজমেন্ট। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে হার্দিক পাণ্ড্য চোট পেয়ে ছিটকে যাওয়ার পর শামির সুযোগ এসেছিল। তা লুফে নিয়েছিলেন। পরে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারিও হয়েছিলেন বাংলার এই পেসার।

এদিকে দলীপ ট্রফির জন্য ঘোষিত পূর্বাঞ্চল দলে রাখা হয়েছে মহম্মদ শামিকে। দলে বাংলা থেকে মোট ৬ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। সেই দলে রয়েছেন বাংলার তারকা পেসার। গত রঞ্জি ট্রফিতে সফল হলেও যাঁকে জাতীয় দলে ব্রাত্য করেই রাখা হয়েছে। শ্রীলঙ্কা সফরের জন্য নির্বাচিত ভারতীয় টেস্ট দলেও তাঁকে রাখা হয়নি। তবে তিনি যে লাল বলের ক্রিকেটে নিজেকে নতুন করে প্রমাণ করতে চান, ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন শামি। মুকেশ কুমার, শাহবাজ আমেদও রয়েছেন দলে। আকাশ দীপকে অবশ্য রাখা হয়নি। খোঁজ নিয়ে জানা গেল, তাঁর চোট রয়েছে। দলে রাখা হয়নি অভিষেক পোড়েলকেও। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার সম্প্রতি মাঠের বাইরের ঘটনার জন্য বিতর্কে জড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা চলছে। শোনা গেল, বৈঠকে তাঁর নাম একবার উঠেছিল। কিন্তু রঞ্জি ট্রফিতেও পারফর্ম করতে পারেননি চন্দননগরের ক্রিকেটার।

এর আগে শামিকে তাঁর অবসর ইস্যুতে প্রশ্ন করা হলে শামি বলেছিলেন যে, যে দিন তিনি নিজে ক্রিকেট খেলাটা আর উপভোগ করবেন না বা সকালে উঠে খেলার প্রতি ক্লান্তি অনুভব করবেন, সে দিন তিনি নিজেই ক্রিকেট ছেড়ে দেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks