State Bank Strike Deferred : স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে আপনার জন্য রয়েছে সুখবর। ব্যাঙ্কের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। ফলে ওই দুই দিন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সব শাখায় কাজকর্ম ও ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। শুক্রবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র পক্ষ থেকে একটি গ্রাহক নির্দেশিকা জারি করে এই বিষয়ে জানানো হয়েছে।
কী বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ?
আজ স্টেট ব্যাঙ্ক তাদের বিবৃতিতে জানিয়েছে, “অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্টাফ ফেডারেশন (AISBISF) আগামী ২৫ এবং ২৬ মে যে ধর্মঘটের ডাক দিয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। আমাদের সব শাখা এই দিনগুলিতে স্বাভাবিকভাবে কাজ করবে। গ্রাহকরা সব নিয়মিত ব্যাঙ্কিং পরিষেবা পাবেন।”
কেন ডাকা হয়েছিল এই ধর্মঘট ?
কর্মীদের বেশ কিছু দীর্ঘদিনের অমীমাংসিত দাবিদাওয়া নিয়ে এই ধর্মঘট ডাকা হয়েছিল। ন্যাশনাল পেনশন স্কিমের (NPS) আওতায় পেনশন ম্যানেজার বাছার সিদ্ধান্ত নিতে দিতে হবে কর্মীদের। এই দাবি করেছেন কর্মীরা। এ ছাড়াও পেনশন-সংক্রান্ত সুবিধাতে সমতা ও সামগ্রিক চাকরির শর্তাবলির উন্নতি চেয়েছে ইউনিয়ন। এই দাবির মধ্যে রয়েছে পর্যাপ্ত কর্মী নিয়োগের বিষয়। শূন্য পদ পূরণের কথা বলা হয়েছে এই দাবিপত্রতে। অফিসে কাজের চাপ কমানোর দাবিও রয়েছে এই দাবিতে।
এ ছাড়াও রয়েছে এই দাবিগুলি
কর্মীদের উন্নত পদোন্নতির নীতি নিয়েও বলা হয়েছে এই দাবিপত্রে। পাশাপাশি খেয়াল রাখতে বলা হয়েছে বদলি নীতি নিয়েও। কর্মীদের উন্নত অবসরকালীন সুবিধার বিষয়েও বলা হয়েছে এই দাবিপত্রে। এতে রাখা হয়েছে কর্মচারী কল্যাণ ও চাকরির নিরাপত্তা সংস্কারের বিষয়টিও।
উল্লেখ্য, স্থায়ী কর্মী নিয়োগ, পেনশন নীতি সংশোধন এবং আউটসোর্সিং বন্ধ করা সহ মোট ১৬ দফা দাবিতে অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্টাফ ফেডারেশন (AISBISF)-এর পক্ষ থেকে এই দু’দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
গ্রাহকরা পেলেন স্বস্তির বার্তা
ধর্মঘটের জেরে মে মাসের শেষে টানা কয়েকদিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে মাসের শেষ সপ্তাহে টাকা তোলা, চেক ক্লিয়ারেন্স বা লোনের মতো জরুরি কাজ আটকে যাওয়ার চিন্তায় ছিলেন সাধারণ মানুষ। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ইউনিয়ন ধর্মঘট স্থগিত করায় স্বস্তিতে কোটি কোটি গ্রাহক। ২৫ ও ২৬ মে দেশের প্রতিটি এসবিআই শাখায় সাধারণ দিনের মতোই লেনদেন করা যাবে।
