নয়াদিল্লি: ভারতীয় জীবন বিমা সংস্থায় নিজেদের ৬.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। শেয়ার প্রতি ৩৮২ টাকা দর রাখা হয়েছে। শেয়ার বিক্রি করে ৩১ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। কেন্দ্রের তরফে ‘অফার ফর সেলে’র মাধ্যমে LIC-তে নিজেদের শেয়ার বিক্রি করছে সরকার। স্টক এক্সচেঞ্জে ‘অফার ফর সেল’ এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে তালিকাভুক্ত কোনও সংস্থার প্রোমোটার বা শেয়ারহোল্ডার নিজেদের শেয়ার বিক্রি করে সংশ্লিষ্ট সংস্থায় নিজেদের অংশীদারিত্ব কমিয়ে আনতে পারে। (LIC Disinvestment)
সোমবারই LIC-তে নিজেদের অংশীদারিত্ব বিক্রির কথা জানায় কেন্দ্র। নন-রিটেল বিনিয়োগকারীদের জন্য মঙ্গলবার থেকেই বিক্রি শুরু হয়ে গিয়েছে। রিটেল বিনিয়োগকারীদের জন্য বিক্রি শুরু হয়েছে বুধবার থেকে। ৮২.২২ কোটি শেয়ারের সমস্তটা বিক্রি হয়ে গেলে, তা থেকে ৩১০০০ কোটি টাকা ঝুলিতে ঢুকবে কেন্দ্রের। বিনিয়োগ প্রত্যাহার পরিকল্পনার আওতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। (LIC Share Sell)
আরও পড়ুন: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সচিব এ চাওলা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘২.৫ শতাংশ ইকুইটি এবং অতিরিক্ত ৪ শতাংশ গ্রিন শু অপশন বিক্রির প্রস্তাব দিয়েছে কেন্দ্র‘। বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-র যে ‘মিনিমাম পাবলিক শেয়ারহোল্ডিং রিকোয়্যারমেন্টে’র যে শর্ত রয়েছে, এই শেয়ার বিক্রির ফলে নির্ধারিত সময়ের আগেই তা পূর্ণ করতে পারবে LIC. মিনিমাম ১০ শতাংশ শেয়ারহোল্ডিংয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে ২০২৭ সালের ১৬ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল তাদের।
এই মুহূর্তে LIC-তে ৯৬.৫ শতাংশ মালিকানা রয়েছে কেন্দ্রের। ২০২২ সালের মে মাসে IPO-র মাধ্যমে ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করেছিল সরকার। সেবার শেয়ার প্রতি দর রাখা হয়েছিল ৯০২-৯৮০ টাকা। ওই শেয়ার বিক্রি করে ২১০০০ কোটি টাকা তোলা হয়।
আরও পড়ুন: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
আজকের দিনে দাঁড়িয়ে বাজারে LIC-র মূলধন ৫.৩৬ লক্ষ কোটি টাকারও বেশি। সোমবারের হিসেব অনুযায়ী, বম্বে স্টক এক্সচেঞ্জে LIC-র শেয়ার দর ০.১২ শতাংশ কমে হয়েছে ৪২৮.৩৫ কোটি টাকা। চলতি অর্থবর্ষে সাতটি রাষ্ট্রায়াত্ত সংস্থা এবং SUUTI-র অংশীদারিত্ব বিক্রি করে ২১ হাজার ৮২ কোটি টাকা সংগ্রহ করেছে কেন্দ্রীয় সরকার।
