May 2, 2026
74c934950914bdcf7133b2005a5a79271777747732994507_original.jpg
Spread the love


হায়দরাবাদ: রাত পোহালেই দুই ছন্দে থাকা দল একে অপরের মুখোমুখি হবে। উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। কেকেআর হতাশাজনক শুরুর পর নাগাড়ে দুই ম্যাচ জিতেছে। অপরদিকে, চলতি আইপিএলে (IPL 2026) নাগাড়ে পাঁচ ম্য়াচ জিতে দুরন্ত ছন্দে সানরাইজার্স হায়দরাবাদ। ঈশান কিষাণদের থামাতে কেকেআরের সামনে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। ম্যাচ জিততে অরেঞ্জ আর্মির বিধ্বংসী ব্যাটিং লাইনকে রোখাটা প্রয়োজনীয়। সেই লক্ষ্যে মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) কিন্তু কেকেআরের বড় ভরসা হয়ে উঠতে পারেন। কিন্তু প্রশ্ন হল তিনি কি সানরাইজার্সের বিরুদ্ধে খেলবেন?

পাথিরানা ১৯ এপ্রিল কেকেআরের শিবিরে যোগদান করেন। পরের দিন থেকেই তিনি ইডেন গার্ডেন্সে অনুশীলনে নেমে পড়েছিলেন, ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ পরে গত রবিবার কেকেআর লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নেমেছিল। আগেই ফিটনেস ছাড়পত্র পেয়েছিলেন, দলে যোগ দেওয়ার পরেও এক সপ্তাহ কেটে গিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই সকলে আশা করেছিলেন যে সেই ম্যাচে লঙ্কান তারকাকে খেলতে দেখা যাবে। তিনি যোগ দিলে নিঃসন্দেহেই কেকেআরের বোলিং আক্রমণের ধার বাড়ত। তবে সকলকে খানিকটা চমকে দিয়েই কেকেআর পাথিরানাকে মাঠের বাইরে রাখারই সিদ্ধান্ত নিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পাথিরানা কি কালকের ম্যাচে খেলবেন? 

আরও পড়ুন:- ধোনিকে ধর্মীয় পরামর্শ দিয়েই চেন্নাই সুপার কিংস দল থেকে বাদ পড়েছিলেন সমীর রিজ়ভি?

পাথিরানার রবিবাসরীয় ম্যাচে খেলার প্রসঙ্গে ম্যাচের টিম সাউদিকে (Tim Southee) প্রশ্ন করা হয়। তবে কেকেআরের বোলিং কোচ ম্যাচের আগেরদিনও কিন্তু পাথিরানার খেলার বিষয়ে নিশ্চিত করে কিছুই জানালেন না। বরং সাউদি জল্পনা অব্যাহত রেখে জানালেন পরিস্থিতি বুঝে পাথিরানার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ‘ও বেশ কিছু সময় ধরে দলের সঙ্গে রয়েছে। আমরা পরিস্থিতিবুঝে সিদ্ধান্ত নেব।’

পাশাপাশি কেকেআর বোলিং লাইন আপের জন্য যে সানরাইজার্স ব্যাটিং লাইন আপকে রোখা বেশ চ্যালেঞ্জিং হবে, সেটাও মেনে নিচ্ছেন সাউদি। তাই তাঁদের রুখতে শুরুর দিকেই উইকেট নেওয়ার কথাও বলেন সাউদি। ‘যেসব দলগুলি আগেভাগে শুরুতেই উইকেট নিতে পারেছে, তারাই নিজেদের ইনিংসের ভিতটা ভালভাবে গড়তে সক্ষম হচ্ছে। সানরাইজার্সের ক্ষেত্রে তাই দ্রুতই উইকেট নিয়ে পাওয়ার প্লে জেতাটা গুরুত্বপূর্ণ। আমরা জানি সানরাইজার্সের টপ অর্ডার এবং তারপরে মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেনের মতো খেলোয়াড়রা কতটা বিধ্বংসী হতে পারেন। আমাদের বোলারদের জন্য এটা কিন্তু বেশ ভাল চ্যালেঞ্জ হতে চলেছে।’ মত তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks