June 1, 2026
ba4bd00fbbe97a7fe72052fc960c63f11769266743717507_original.jpg
Spread the love


বুলাওয়াও: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (ICC U-19 World Cup 2026) ভারতীয় দলের জয়ের ধারা অব্যাহত। গতকাল ঘরের মাঠে নিউজ়িল্যান্ডকে হারিয়েছিল ভারতীয় সিনিয়র দল। আজ জিম্বাবোয়ের বুলাওয়াওতে কিউয়িদের পরাজিত করল ভারতীয় দলের ছোটরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একেবারে দাপুটে মেজাজেই জয় পেল আয়ুষ মাত্রের (Ayush Mhatre) দল। ১৪১ বল বাকি থাকতে সাত উইকেটে জিতল তারা। ভারতের জয়ের নায়ক অম্বরিশ (RS Ambrish)। তিনি ম্যাচে চারটি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। 

এদিন বৃষ্টির জেরে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি। মাঠ ভেজা থাকায় বেশ খানিকক্ষণ পরে ম্যাচের টস হয়। ৫০ ওভারের বদলে ৪৭ ওভারে ম্যাচ কমিয়ে আনা হয়। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আয়ুষ। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে নতুন বলেই জোড়া উইকেট নেন অম্বরিশ। টম জোনস এবং হুগোকে ফেরান তিনি। কিউয়ি ওপেনার আর্য মানকে পাঁচ রানে হেনিল পটেল সাজঘরে ফেরালে ১৭ রানেই তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় কিউয়িরা।

এরপরে ফের বৃষ্টির জন্য খেলা খানিকটা স্থগিত থাকে। ম্যাচ আরও ১০ ওভার কমিয়ে ৩৭ ওভারের করা হয়। তবে বৃষ্টি থামলেও, এদিন কিউয়ি দলের উইকেট হারানোর গতি কমেনি। নিরন্তর ব্যবধানে তাঁরা উইকেট হারাতে থাকে। লোয়ার অর্ডারে ক্যালাম স্যামসন ও সেলভিন সঞ্জয় ব্যাট না ঘোরালে কিউয়িরা হয়তো শতরানের গণ্ডিও পার করতে পারত না। দুই ব্যাটার যথাক্রমে ৩৭ ও ২৮ রানের ইনিংস খেলেন। তবে নিউজ়িল্যান্ড ১৩৫ রানেই অল আউট হয়ে যায়। হেনিল নেন তিন উইকেট।

১৩৬ রানের লক্ষ্য খুব বেশি ছিল না। ভারতীয় দল সেই লক্ষ্যে পৌঁছতে তেমন সময়ও নিল না। মাত্র ১৩.৩ ওভারেই ম্যাচ জিতে নিল ভারত। এদিন বৈভবের সঙ্গে অ্যারন জর্জ ওপেন করতে নামেন। খারাপ ফর্মে চলা আয়ুষ তিনে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে খুব বেশিক্ষণ ডাগআউটে থাকতে পারেননি তিনি। জর্জ সাত রানে আউট হলে, ১১ রানেই প্রথম উইকেট হারায় ভারত। এমন পরিস্থিতিতে বৈভব এবং আয়ুষ দলের ইনিংস সামলে এগিয়ে নিয়ে যান।

আয়ুষ দুরন্ত আগ্রাসী মেজাজে ব্যাট করে অর্ধশতরান করেন। বৈভবেও পিছিয়ে থাকার পাত্র নয়। তবে আয়ুষ অর্ধশতরান করলেও, বৈভব ৪০ রানেই সাজঘরে ফেরে। আয়ুষও ম্যাচ শেষ করে যেতে পারেননি। তিনি অর্ধশতরান পূরণ করার পরেই ৫৩ রানে ফেরেন। তবে বিহান ও বেদান্ত ভারতের জয় সুনিশ্চিত করেন।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks