মুম্বই: ভারতীয় দল থেকে তিনি এখন বহুদূরে, তবে বিতর্ক থেকে যেন দূরে থাকতেই পারেন না যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অতীতে তাঁর ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং সেই সময় কোর্টের বাইরে তাঁর আচরণ থেকে আরজে মাহভাশের সঙ্গে বহুল চর্চিত সম্পর্কের ভাঙন, না না বিতর্কে চাহাল শিরোনামে উঠে এসেছেন। নাম জড়িয়েছে বহু মহিলার সঙ্গে। এবার আরও এক মহিলার সঙ্গে চাহালের নাম জড়াল, তিনি আবার বাঙালি।
বাঙ্গালি হলেও পেশারসূত্রে মুম্বইনিবাসী তানিয়া চট্টোপাধ্যায় (Taniya Chatterjee)। না না সাহসী ওটিটি সিরিজ় এবং সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপিংসে প্রায়শই তানিয়াকে দেখা যায়। এবার সেই তানিয়া সোশ্যাল মিডিয়ার আলোচ্য বিষয় হয়ে উঠলেন তাঁর অভিনীত কোনও দৃশ্য বা সিরিজ়ের জন্য, বরং এক দাবির জেরে এবং সেই দাবির কেন্দ্রে রয়েছেন চাহাল। তানিয়ার দাবি অনুযায়ী বর্তমানে পঞ্জাব কিংসের হয়ে আইপিএল খেলা যুজবেন্দ্র চাহাল তাঁকে ইনস্টাগ্রামে সরাসরি একটি মেসেজ করে তাতে লেখেন, ‘আপনি বেশ কিউট’।
তানিয়া শুধু মৌখিকভাবে এমন দাবিই করেননি, বরং ‘গন্দি বাত’-এ অভিনয় করা বাঙালি অভিনেত্রী পাপারাৎজ়িদেরকে নিজের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলের মেসেজ বক্স খুলে যুজবেন্দ্র চাহালের তাঁকে করা মেসেজগুলিও দেখিয়েছেন, যেই ভিডিও এখন ভাইরাল। তিনি পাপারাৎজ়িদের বলেন, ‘দেখুন এই মেসেজগুলি আমায় চাহাল পাঠিয়েছেন, ওঁ আমায় কিউট বলেছেন।’ এই বিষয়ে চাহাল এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনওরকম বিবৃতি দেননি। তবে আইপিএলের মাঝে তিনি ফের একবার নিজের ব্যক্তিগত জীবনের কারণে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
অবশ্য চলতি আইপিএলের মাঝে চাহাল এই প্রথম কোনও বিতর্কের কারণে যে শিরোনামে এসেছেন এমনটাও নয়। দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। রাস্তায় অন্য এক গাড়ি থেকে করা সেই ভিডিওতে স্পষ্ট দেখা যায় চাহাল নিজের দামি গাড়ির স্টিয়ারিং হাতে ধূমপান করছেন। সেখানেই শেষ নয়, তাঁকে সুখটান দিয়ে চলন্ত গাড়ি থেকেই খোলা কাঁচ দিয়ে বাইরে জ্বলন্ত সিগারেটটি ফেসে দিতে দেখা যায়। সেই নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছিল, নিন্দার ঝড়ও উঠেছিল। তারপরেই তানিয়া চট্টোপাধ্যায়ের এই মন্তব্য চাহালের দিকে ফের একবার একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিল।
