June 21, 2026
566e39bbb21ae29d19ff84594e347bc5178206643434450_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে স্বচ্ছতার বার্তা দেওয়ার দিনই টিকিট জালিয়াতি নিয়ে বিতর্ক বাঁধল সিএবি-তে। অভিযোগ, বেঙ্গল টি-২০ লিগের ফাইনালে হসপিটালিটি বক্সের টিকিটের রঙিন প্রতিলিপি (কালার জ়েরক্স) করে মাঠে ঢোকার চেষ্টা করেছেন কেউ কেউ। যা নিয়ে হুলস্থুল বেঁধে যায় বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থায়।

রবিবার ইডেনে বেঙ্গল টি-২০ লিগের জোড়া ফাইনাল ছিল। বেলায় ছিল মহিলাদের বিভাগের ফাইনাল। যে ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স ও মুর্শিদাবাদ কুইন্সের। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচ রবিবার করা যায়নি। সোমবার রিজার্ভ ডে-তে হবে সেই ম্যাচ। এদিন সন্ধ্যায় পুরুষদের ফাইনালে মুখোমুখি হয়েছে শ্রাচী রাঢ় টাইগার্স ও সোবিস্কো স্ম্যাশার্স মালদা। বৃষ্টির জন্য সেই ফাইনালও পিছিয়ে গিয়ে, ওভার সংখ্যা কমিয়ে করা হচ্ছে। 

জোড়া ফাইনালের মাঝে সবচেয়ে বড় আকর্ষণ ছিল রূপম ইসলাম ও তাঁর ব্য়ান্ড ফসিলসের শো। বিকেল সাড়ে পাঁচটায় সেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সেটাও বৃষ্টির কারণে পিছিয়ে প্রায় সাড়ে ছ’টায় শুরু হয়। ফসিলসের টানে মাঠে হাজির হয়েছিলেন প্রায় হাজার দশেক মানুষ।

আর তার মাঝেই জানা গেল, বিপত্তি বেঁধেছে হসপিটালিটি বক্সের টিকিট নিয়ে। এমনিতে গোটা টুর্নামেন্টেই মাঠে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেছিল সিএবি। ফাইনালেও নিখরচায় মাঠে ঢোকার সুবিধা দেওয়া হয়েছিল ক্রিকেটপ্রেমীদের। সমাপ্তি অনুষ্ঠানে রূপম ও ফসিলসের গান শোনার জন্য অনেক মানুষই ভিড় করেছিলেন। আর সেই ফাঁকেই জানা যায় যে, ফাইনালের টিকিট নিয়েও জালিয়াতি করা হয়েছে।

কীরকম?

জানা গেল, হসপিটালিটি বক্সে প্রবেশ করতে গিয়েছিলেন কয়েকজন, যাঁদের হাতে ছিল মূল টিকিটের কালার জ়েরক্স। এক পলকে বোঝার উপায় নেই। কিন্তু হাতে নিয়ে দেখা গেল, কাগজের মতো ফিনফিনে সেই টিকিট। প্রকৃত টিকিটের কালার জ়েরক্স করানো হয়েছে। কিন্তু যেখানে নিখরচায় মাঠে প্রবেশের সুযোগ রয়েছে, সেখানে টিকিট নিয়ে জালিয়াতি কেন ? 

জানা গেল, হসপিটালিটি বক্সের টিকিট মানে শীতাতপ নিয়ন্ত্রিত বক্সে বসে খেলা দেখার পাশাপাশি বিনামূল্যে খাওয়ার বন্দোবস্তও ছিল । সেই কারণেই এই টিকিট নিয়ে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ । সব মিলিয়ে বেঙ্গল টি-২০ লিগের ফাইনালে অস্বস্তি রইল সিএবি-র জন্যও ।

আরও পড়ুন: ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে কী আলোচনা হল? ইন্দ্রনীল খাঁ বললেন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks