Consumer Protection : দীর্ঘদিন ধরেই এই হয়রানির শিকার হচ্ছে ক্রেতারা। বিশেষ করে খাবার তেলের প্যাকেটে (Edible Oil)ওজনের কারসাজি নিয়ে ভুগতে হচ্ছে সবাইকে। ক্রেতাকে কম দাম দেখিয়ে আকৃষ্ট করতে আসলে ওজনেও কম দিচ্ছে কোম্পানিগুলি। যা এক কথায় লোক ঠকানো। কারণ অনেক ক্ষেত্রেই, তেলের প্যাকেটের ওজন না দেখে কমানো হয়েছে কিনা তা না দেখেই কিনে নিই আমরা। এই ওজনের ‘কারসাজি’ থেকে ক্রেতাদের মুক্তি দিতে নতুন নিয়ম আনছে সরকার। জেনে নিন, কী হচ্ছে নতুন নিয়মে।
কী সমস্যা হচ্ছে ক্রেতাদের
ভোজ্য তেলের প্যাকেটে ওজনের কারচুপি বন্ধ করতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। লিটার ও গ্রামের বিভ্রান্তি দূর করে সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে চাইছে কেন্দ্র। সেই কারণে ভোজ্য তেলের প্যাকেজিংয়ের জন্য নির্দিষ্ট ও কঠোর নিয়ম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কী বড় পদক্ষেপ নেওয়া হতে পারে
কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রক সূত্রে খবর, ‘লিগ্যাল মেট্রোলজি’ আইনের অধীনে এবার ভোজ্য তেলের প্যাকেটের আকার ও ওজন নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ডাইজড (Standard Size) করে দেওয়া হবে।
কেন এই নতুন নিয়মের প্রয়োজন ?
ক্রেতা স্বার্থে এই নতুন নিয়ম আনার পিছনে সরকারের কিছু উদ্দেশ্য় রয়েছে। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ভোজ্য তেল অত্যন্ত অদ্ভুত ও বিভ্রান্তিকর ওজনে বিক্রি হচ্ছে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, ৬৫০ গ্রাম, ৭০০ গ্রাম, ৮১০ গ্রাম কিংবা ৮৫০ গ্রামের প্য়াকেটগুলির কথা। অনেক কোম্পানি ১ লিটারের বদলে ৯১০ গ্রামের প্যাকেট তৈরি করে বাজারে এমনভাবে পেশ করে, যেন তারা কম দামে তেল বিক্রি করছে। সাধারণ ক্রেতারা চোখের দেখায় ১ লিটার ও ৯১০ গ্রামের এই তফাত সহজে বুঝতে পারেন না ও প্রতারিত হন। এর ফলে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তেলের দামের সঠিক তুলনা করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। এই বড় সমস্যার স্থায়ী সমাধান করতেই ময়দানে নামছে কেন্দ্র।
নতুন নিয়মে প্যাকেটের আকার কেমন হবে ?
এবার থেকে এই সমস্য়ার সমাধান ব্যবস্থা নিতে চলেছে সরকার। আগামী দিনে তেল প্রস্তুতকারী কোম্পানিগুলি আর নিজেদের ইচ্ছেমতো ওজনের প্যাকেট তৈরি করতে পারবে না। নতুন নিয়ম কার্যকর হলে বাজারে ভোজ্য তেল শুধুমাত্র নীচের নির্দিষ্ট মাপের প্যাকেটেই পাওয়া যাবে:
২০০ মিলি এবং ৫০০ মিলি
১ লিটার থেকে ৫ লিটার
১৫ লিটার অথবা ১৫ কেজি
২০ লিটার অথবা ২০ কেজি
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, এই নির্দিষ্ট মাপ বা ওজন ছাড়া অন্য কোনও ওজনে বাজারে তেল বিক্রি করলে তা সম্পূর্ণ নিষিদ্ধ বা নিষিদ্ধ করা হতে পারে।
ভোজ্য তেল নিয়ে বৈঠক
এই বিষয়ে সম্প্রতি রাজধানীতে দিল্লির উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিবের সভাপতিত্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশের ভোজ্য তেল শিল্পের শীর্ষস্থানীয় অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসায়িক সংগঠনগুলোও বাজারে ওলটপালট সাইজের (Odd Sizes) প্যাকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সব পক্ষই একমত হয়েছে যে, সমস্ত ব্র্যান্ডের প্যাকেজিং যদি একই স্ট্যান্ডার্ড মাপে হয়, তবে ক্রেতাদের পক্ষে সঠিক দাম বোঝা এবং ব্র্যান্ডগুলোর মধ্যে তুলনা করা অনেক সহজ হবে।
এবার থেকে ছোট স্যাশে প্যাকে ছাড়
গ্রামীণ এলাকা এবং স্বল্প আয়ের ক্রেতাদের কথা মাথায় রেখে এই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। প্রস্তাব দেওয়া হয়েছে যে, ২০০ মিলিলিটারের কম ওজনের ছোট তেলের প্যাকেট বা স্যাশেকে আপাতত এই কঠোর নিয়মের আওতার বাইরে রাখা হোক। এর ফলে বাজারে কম দামের ছোট প্যাকেটগুলো আগের মতোই পাওয়া যাবে এবং প্রান্তিক ক্রেতা বা ছোট খুচরো বিক্রেতাদের কোনো সমস্যায় পড়তে হবে না।
এই নতুন নিয়মে সাধারণ মানুষের কী লাভ হবে ?
সরকারের এই নতুন নিয়ম বাধ্যতামূলক হলে সব কোম্পানিকে একই ওজনে তেল বিক্রি করতে হবে। তখন ওজনের কোনও মারপ্যাঁচ থাকবে না। ক্রেতারা শুধুমাত্র প্যাকেটের গায়ে লেখা MRP (সর্বোচ্চ খুচরো মূল্য) দেখেই সরাসরি তুলনা করতে পারবেন যে কোন ব্র্যান্ডের তেল সস্তা ও ভালো। ফলে ওজনের বিভ্রান্তি চিরতরে বন্ধ হবে ও উপভোক্তারা সুরক্ষিত হবেন।
আরও পড়ুন : ATM থেকে টাকা না বেরোলেও অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে ? অবিলম্বে নিন এই ৬ পদক্ষেপ
