আমদাবাদ: তিনি যা দাম পেয়েছেন, আইপিএলের (IPL 2026) ইতিহাসে এত দর ওঠেনি কোনও বিদেশি ক্রিকেটারের। রেকর্ড হয়েছে ক্যামেরন গ্রিনকে নিয়ে। নিলামের টেবিল থেকে তাঁকে ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।
তারপর থেকে বিতর্ক তাড়া করে বেরিয়েছে গ্রিনকে। তিনি ব্যাট করলেও, বোলিং করছিলেন না। অথচ কেকেআর তাঁকে দলে নিয়েছিল অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সম্ভাব্য বিকল্প হিসাবে। তার পরেও কেন বল করছিলেন না গ্রিন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে জানান, গ্রিন কেন বল করছেন না, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড বলতে পারবে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড পাল্টা বিবৃতি দেয়। বলে, গ্রিন কেন বল করছেন না, সেটা কেকেআর জানে।
এরপর বল করানো হয় গ্রিনকে। রান খরচ করলেও, তিনি একটি উইকেট পেয়েছিলেন। শুক্রবার আমদাবাদে অবশেষে ব্যাটে রান পেয়েছেন গ্রিন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন অস্ট্রেলীয় তারকা। কিন্তু ম্যাচে বল করানো হয়নি গ্রিনকে। কেকেআর ম্যাচ হারার পর যা নিয়ে ফের প্রশ্ন ধেয়ে এল কেকেআর অধিনায়কের দিকে। কী জানালেন রাহানে?
আরও পড়ুন: কেকেআর ম্যাচ হারতেই গ্যালারিতে কান্নায় ভেঙে পড়ল খুদে ভক্ত, দেখুন ভাইরাল ভিডিও
রাহানে বলেন, ‘ওর পেশিতে ভয়ঙ্কর রকম টান ধরেছিল। সেই কারণে বোলিং করা তো দূরের কথা, ও ফিল্ডিংও করতে পারেনি। মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়েছিল। সেই কারণেই ওকে বল করানো যায়নি।‘
ক্যামেরন গ্রিনের ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠছে। চার নম্বরে নেমে ৫৫ বলে ৭৯ রান করলেও, শেষ ১১ বলে মাত্র চার রান করেন! কেন তাঁকে কোনও বার্তা পাঠানো হল না? ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নে রাহানে বলেন, ‘ও অসাধারণ ইনিংস খেলেছে। যখন ও প্রতি আক্রমণ শুরু করে, আমাদের তিন উইকেট পড়ে গিয়েছিল। ও নিজের সময় নিয়েছে। বিষয়টা সহজ ছিল না। যখন দল হিসাবে কোও কিছুই ঠিক না হয়, তখন ব্যক্তিদের ওপরও চাপ বাড়ে। ও যে সাহস দেখিয়েছে, অনবদ্য। ওকে পুরো কৃতিত্ব দিতে হবে। এই ধরনের জিনিস হয়। উইকেট পড়তে পারে। তবে আমরা যে ১৮০ রানে পৌঁছেছিলাম, সেটা ক্যামেরন গ্রিনের জন্য। হ্যাঁ, ব্যাট করার সময় মনে হয়েছিল এই উইকেটে দুশো উঠবে। সেটা কঠিন। কিন্তু তাই বলে ক্যামেরন গ্রিনের কৃতিত্বকে খাটো করে দেখানোর মানে হয় না।‘
