April 10, 2026
e406bba03d67c94cf58029a3785da05f176789571585450_original.jpg
Spread the love


ঢাকা: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার জবাব দিতে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসতে চায় না বাংলাদেশ। যা নিয়ে আইসিসি-কে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও সেই দাবি নাকচ হয়ে গিয়েছে বলেই খবর।

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) বৃহস্পতিবার ফের ই-মেল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। বিষয়টির সত্যতা স্বীকার করে বিসিবি-র এক কর্তা বলেছেন, ‘আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম অনুরোধের জবাবে আইসিসি বুধবার জানিয়েছে, টুর্নামেন্টের মাত্র এক মাস আগে ভেন্যু বদল করা সম্ভব নয়। বিশেষ করে সম্প্রচারকারী চ্যানেল বেঁকে বসবে। ভারতে খেলার ব্যাপারে বাংলাদেশ যে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে, সে রকম কিছু হবে না বলেও বিসিবিকে আশ্বস্ত করেছে আইসিসি। পাশাপাশি আইসিসি-র তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর বিসিবি আরও কিছু যোগ করতে চাইলে সেটা বিবেচনা করা হবে। বৃহস্পতিবার ফের ই-মেল পাঠিয়েছে বিসিবি। তার জবাব শনিবারের মধ্যে আসবে বলে আশা বিসিবির।

আইসিসির জবাব পাওয়ার পর বুধবার বিকেলে বাংলাদেশের আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও কয়েকজন বোর্ডকর্তা। সাক্ষাতের পর সংবাদমাধ্যমের কাছে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান উপদেষ্টা। তিনি সাংবাদিকদের বলেন, ‘ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনও আপস করব না। আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাই। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার আর হিন্দু নিধনের অভিযোগ ঘিরে তোলপাড় চলছে। ক্ষোভের আগুন জ্বলছে ভারতেও। সেই নিরিখে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএলের (IPL 2026) জন্য কিনলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জবাব দিতে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসতে চায় না বলে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে দেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তার আশঙ্কায় বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। আইসিসি-র কাছে এ নিয়ে আবেদনও করা হয়েছিল। তবে সূত্রের খবর, আইসিসি সেই দাবি নাকচ করে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks