মুম্বই: আইপিএলের ৫৪ তম ম্য়াচের পর দশ দলের মধ্য়ে দুটো দল এলিমিনেট হয়ে গেল। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপারজায়ান্টস দুটো দলই ছিটকে গেল টুর্নামেন্টে প্লে অফের দৌড় থেকে। এদিন প্রথম ম্য়াচে লখনউ হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আর দ্বিতীয় ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই দুটো হারের সঙ্গে সঙ্গেই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে দুটো দল এলিমিনেট হয়ে গেল প্লে অফের দৌড় থেকে। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপারজায়ান্টস দুটো দল এবার বাকি ম্যাচগুলোতে নিয়মরক্ষার হিসেবে খেলবে।
| দল | ম্য়াচ | জয় | পয়েন্ট |
| আরসিবি | ১১ | ৭ | ১৪ |
| সানরাইজার্স হায়দরাবাদ | ১১ | ৭ | ১৪ |
| গুজরাত টাইটান্স | ১১ | ৭ | ১৪ |
| পঞ্জাব কিংস | ১০ | ৬ | ১৩ |
| চেন্নাই সুপার কিংস | ১১ | ৬ | ১২ |
| রাজস্থান রয়্যালস | ১১ | ৬ | ১২ |
| কেকেআর | ১০ | ৪ | ৯ |
| দিল্লি ক্যাপিটালস | ১১ | ৪ | ৮ |
| মুম্বই ইন্ডিয়ান্স | ১১ | ৩ | ৬ |
| লখনউ সুপারজায়ান্টস | ১১ | ৩ | ৬ |
এদিন প্রথমে ম্য়াচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে লখনউ সুপারজায়ান্টসের হয়ে দুরন্ত ইনিংস খেলেন জশ ইংলিশ। তিনি ৩৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে শাহবাজ আহমেদ ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। যার ফলে লখনউয়ের স্কোর পৌঁছে যায় ২০৩ এ। সেই রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের হয়ে সেরা পারফর্মার এদিন উরভিল পটেল। রুতুরাজ ও স্যামসন শুরুটা ভাল করে ফিরে গেলেও উরভিল এদিন তাণ্ডব চালালেন ব্যাট হাতে রীতিমত। ২৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসই জয়ের ভিত গড়ে দেয় সিএসকের।
দ্বিতীয় ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই হয় আরসিবি ও মুম্বইয়ের মধ্য়ে। হার্দিক পাণ্ড্য এদিনও খেলতে পারেননি। তাঁর পরিবর্ত হিসেবে সূর্যকুমার যাদবই দায়িত্ব সামলেছিলেন এদিনও। প্রথমে ব্যাটিং করতে নেমে মুম্বই বড় রান করতে পারেনি। সূর্যকুমার খাতাই খুলতে পারেননি। প্রথম বলেই আউট হন। তিলক বর্মার অর্ধশতরান ও নমন ধীরের ৪৭ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান বোর্ডে তুলে নেয় মুম্বই শিবির। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার একাই ৪ উইকে নেন। জবাবে রান তাড়া করতে নেমে শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। আট উইকেট হারালেও শেষ বলে ২ রান নিয়ে ম্য়াচ জিতে যায় বেঙ্গালুরু।
