বেঙ্গালুরু: ভারতের জার্সি গায়ে তিনি দুরন্ত ফর্মে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছিলেন স্বপ্নের ফর্মে। ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এবং নেমেই অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ঝকঝকে সেঞ্চুরি। সঙ্গে রেকর্ডও। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)।
২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপে কোহলির খেলা নিয়ে আর কোনও সংশয় নেই বলেই মনে করেন তারকা ক্রিকেটারের কোচ রাজকুমার শর্মা। কোহলির কোচ বলেছেন, ‘ও দারুণ ফর্মে রয়েছে। দুর্দান্ত ব্যাটিং করে দিল্লির জয় নিশ্চিত করেছে। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে খেলছে। কিন্তু তাতেও ব্যতিক্রমীভাবে ভাল ব্যাটিং করছে। ভারতীয় দলে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার। বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি।’
একটা সময় কোহলির ফর্ম আর ধারাবাহিকতার অভাব নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল । কেউ কেউ বলছিলেন, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগেই অবসর নেওয়া উচিত কোহলির । যদিও মহাতারকা ক্রিকেটারের কোচ সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। বলেছেন, ‘আমি অন্তত এমন কাউকে চিনি না যে বলছে কোহলির অবসর নেওয়া উচিত । আমার তো মনে হয় ১৪০ কোটি ভারতীয় চায় বিরাট কোহলি খেলুক। দু-একজন নেতিবাচক মানসিকতার লোক হয়তো ভাবতে পারে যে, বিরাটের খেলা উচিত নয় । তবে বাকি দেশ, গোটা বিশ্বই চায় কোহলি খেলা চালিয়ে যাক এবং ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ অবশ্যই খেলুক ।’
রাজকুমার আরও বলেছেন, ‘বিরাট এখন অনেক পরিণত। ও যা অর্জন করেছে, তাতে এখন কে কী বলল যায় আসে না। যারা এত কথা বলে তাদের জ্ঞানও খুব স্বল্প। যারা দু-একটা ইনিংসে রান না পেলেই বলে বিরাট শেষ, তারা ক্রিকেটের কিছু বোঝেই না। বিরাট এসব নিয়ে ভাবেই না। ও নিজের প্রস্তুতি আর পরিশ্রম নিয়েই শুধু ভাবে। বাইরের কথায় কান দেয় না।’
Andhra Pradesh team taking a picture with Virat Kohli. ❤️ pic.twitter.com/27bhrtQYRP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 25, 2025
২০১০ সালের পর প্রথমবার দিল্লির জার্সিতে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন কোহলি । ১০১ বলে ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন ৩৭ বছরের ক্রিকেটার । ১২ চার ও তিন ছক্কায় সাজানো ছিল কোহলির ইনিংস ।
