মুম্বই: তিনি মাঠের বাইরে থাকলে কী হবে, হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ভবিষ্যৎ নিয়ে জল্পনা দিন দিন আরও বেড়েছে। হার্দিক যে পরের মরশুমে পল্টনদের হয়ে খেলবেন না, তা না না রিপোর্টে এবং হার্দিকের হাবভাব স্পষ্ট করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই হার্দিককে দলে নিতে অনেক আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িই আগ্রহী হবে।
শোনা যাচ্ছিল সিএসকের সঙ্গে ট্রেডের মাধ্যমে হার্দিক হলুদ ব্রিগেডে যোগ দিতে পারেন। পরিবর্তে শিবম দুবে সমেত সিএসকে পল্টনদের আরও এক ক্রিকেটারকে দিতে প্রস্তুত বলেও দাবি করা হচ্ছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র দাবি করছেন হার্দিকের ট্রেডিংয়ের মাধ্যমে সিএসকেতে যোগ দেওয়ার বিষয়ে কোনও আলোচনাই হয়নি, এমনকী হার্দিকের কোনও দলেই যোগ দেওয়ার বিষয়ে কোনও আলোচনা করা হয়নি। সেই মুখপাত্রের দাবি অনুযায়ী আপাতত আইপিএল ২০২৬ সালের মরশুমের রিভিউ এখনও হয়ইনি।
সেই মুখপাত্র Sportstar-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ‘আমাদের মরশুম পরবর্তী রিভিউ এখনও চলছে এবং আমরা দলের বিভিন্ন দিক খুটিয়ে দেখছি। রিপোর্ট অনুযায়ী যা দাবি করা হচ্ছে আমরা কিন্তু তেমনভাবে কোনও খেলোয়াড়ের ট্রেডের বিষয়ে আলোচনা করছি না। রিভিউ শেষ হওয়ার পরেই এইসব ট্রেডের বিষয়ে আলোচনা হলে হতে পারে। বিভিন্ন ধরনের পরামর্শ, বিকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে, যা স্বাভাবিকভাবেই সময়সাপেক্ষ। তাই এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।’
আরও পড়ুন:- বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
এরই মাঝে আবার সূর্যকুমার যাদবেরও মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার জল্পনা শুর হয়েছে। পল্টনদের দলকে হার্দিকের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবকে গত মরশুমে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। তবে আসন্ন মরশুমে হার্দিক দলবদল ঘটালে সূর্য নয়, বরং অধিনায়ক হিসাবে ভিন্ন বিকল্প বেছে নিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। রিপোর্টে দাবি করা হচ্ছে পল্টনরা নাকি তিলক বর্মাকে অধিনায়ক করতে আগ্রহী। তিলককে দায়িত্ব দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চায় তারা।
