May 1, 2026
e63522bd0d82ba425d3875d6d1f22b561777634013200507_original.jpg
Spread the love


নয়াদিল্লি: বর্তমানে ভারতে একদিকে যেমন পাঁচ রাজ্যে ভোটের মরশুম চলছে, তেমনই চলছে ক্রিকেটের গ্রীষ্মকালীন উৎসব, আইপিএল (IPL 2026)। সেই আইপিএলের ম্যাচই দেখতে গিয়েছিলেন দুই ভাই। ম্যাচ তো দেখা হল, আফশোস, আর বাড়ি ফেরা হল না।

সোমবার রাজধানী দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, কেএল রাহুলদের ২২ গজের লড়াই দেখতে অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন যোগ্য ভাটিয়া এবং অভব, দুই তরুণ। তবে ম্যাচ দেখে বাড়ি ফেরার সময়ই বাইক দুর্ঘটনায় প্রাণ গেল অশোক নগরের বাসিন্দা, ২০ বছরের বিএসসির ছাত্র যোগ্য এবং ১৪ বছরের অভবের। 

পুলিশ জানায় যোগ্যদের বাইক মহাদেব রোড টি-পয়েন্ট থেকে অশোক রোডের দিকে যখন ঘুরতে যাচ্ছিল, তখনই এক ট্র্যাক তাঁদের ধাক্কা মারে। যোগ্যদের এক পারিবারিক বন্ধু দাবি করেন পিছন থেকে প্রবল গতিতে ছুটে আসা ট্রাক যোগ্যদের বুলেট বাইকে ধাক্কা মারে। তাতে বাইকের তেমন ক্ষতি না হলেও, দুই ভাই ট্রাকের চাকার তলায় চলে যান এবং তাঁদের পিষে দিয়ে সেই ট্রাক চালক সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটি প্রায় রাত ১০.৩০টা নাগাদ ঘটে। তবে অভিযোগ প্রায় আধ ঘণ্টা ওই দুই ভাইয়ের সাহায্যে কেউ এগিয়েই আসেননি। প্রায় ১১টার দিকে পুলিশ পিসিআর ভ্যান খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ভাটিয়া পরিবারের এক বন্ধুর দাবি তাঁরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞেস করলে জানতে পারেন যে সংঘর্ষের সময় বিকট আওয়াজ হয়। সেই সময় সকলেই ভেবেছিলেন হয়তো কোনও বাইক গিয়ে গার্ডরেলে বা ব্যারিকেডে ধাক্কা মেরেছে। তবে সেখানে গিয়ে তারা দেখতে পারেন যে দুই কিশোর রাস্তায় আহত হয়ে পড়ে রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ এই ঘটনায় তদন্ত কতদূর এগিয়েছে বা দোষীদের শনাক্ত করা গিয়েছে কি না, তা তাঁদের এখনও জানানো হয়নি। 

পুলিশের তরফে জানানো হয় এই ঘটনার পর ওই ট্রাক উত্তর-পূর্ব দিল্লির দিকে এগিয়ে যায়। বিল্ডিং তৈরির পণ্যবাহীবোঝাই ওই ট্রাকের চালক কিছুদূর গিয়ে ট্রাকটিকে তার মালিকের কাছে জমা করে সেখান থেকে পালিয়ে যায় বলেই ট্রাকের মালিক দাবি করেন। সেই ঘাতক ট্রাকটিকে আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে আশেপাশের রাজ্যগুলি ওই ট্রাকচালকের সন্ধান চলছে।

তবে উদ্বেগের বিষয় হল ঘটনাস্থলটি রাজধানীর অন্যতম সুরক্ষিত এলাকা হিসাবে পরিচিত। সেখানেই ঢিল ছোড়া দূরত্বে রয়েছে নির্বাচন কমিশনের অফিস, পুলিশের প্রধান কার্যালয়। পার্লামেন্ট পুলিশ স্টেশন এবং জেলার ডিসিপর অফিসও কয়েকশো মিটারই দূরে। এমন এক স্থানে দুই যুবককে মেরে এক ট্রাক পালিয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। তবে পুলিশ এই ঘটনার তদন্ত করছে। সিসিটিভি ফুটেজে তাঁরা এও খতিয়ে দেখছে যে মৃত দুই ভাইয়ের মাথায় আদতেও হেলমেট ছিল কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks