কলকাতা: শনিবার দুপুরেই তিনি কলকাতায় এসেছেন। আর শহরে পা রেখেই সন্ধ্যায় নেমে পড়লেন ইডেন গার্ডেন্সে। শুধু নেমেই পড়লেন না, বল হাতে দুরন্ত ছন্দে দেখা দিলেন। বেঙ্গল টি-২০ লিগে হ্যাটট্রিক করলেন মহম্মদ শামি (Mohammed Shami)। এমন একটা দিনে, যেদিন চারটি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। কোনও দলেই সুযোগ পাননি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা ফাস্টবোলার।
বেঙ্গল টি-২০ লিগের তৃতীয় সংস্করণে প্রথম হ্যাটট্রিক মহম্মদ শামির। শনিবার ইডেনে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের জার্সি গায়ে শামি ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে তুলে নিলেন চার উইকেট। ২৪ রানের ব্যবধানে জিতল সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। নিজেদের প্রথম ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন শামি। শ্রাচী রাঢ় টাইগার্সের ইনিংসের ১৬তম ওভারের শেষ তিন বলে শামি পরপর তিন বলে তিন উইকেট তুলে নিলেন। ফেরালেন যথাক্রমে শ্রাচী রাঢ় টাইগার্সের অধিনায়ক শাহবাজ আমেদ, রোহিত কুমার ও দীপাঞ্জন মুখোপাধ্যায়কে। তার আগে শ্রাচী রাঢ় টাইগার্সের সুমন্ত গুপ্তকেও ফিরিয়েছিলেন শামি।
শনিবার ইডেনে টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রাচী রাঢ় টাইগার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৮ রান তোলে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। বিশাল ভাটি তিনে নেমে পাঁচটি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৮৬ রান করেন। করণ লাল করেন ৩৯ রান। প্রমোদ চান্ডিলা ১৬ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১টি ছয়ের সাহায্যে ২ বলে ৮ রানে অপরাজিত থাকেন শামি। অধিনায়ক শাহবাজ আমেদ, রাজু হালদার, সুখমীত সিংহ ও রাহুল প্রসাদ একটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শ্রাচী রাঢ় টাইগার্স ৯ উইকেট হারিয়ে ১৮৪ স্কোরে আটকে যায়। শুভম দে সিনিয়র ৪৮ ও রাহুল প্রসাদ ৪৪ রান করেন। করণ লাল তিনটি এবং ঈশান পোড়েল ও বিশাল ভাটি ১টি করে উইকেট নেন।
মালদার কাছে হারল মুর্শিদাবাদ
বেঙ্গল টি-২০ লিগে মুর্শিদাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল মালদা। ইডেনে টস জিতে ফিল্ডিং নিয়েছিল সোবিস্কো স্ম্যাশার্স মালদা। বৃষ্টির কারণে ম্যাচটি হয় ১৫ ওভারের। মুর্শিদাবাদ কিংস ৭ উইকেটে ১৩৪ রান তোলে। সোবিস্কো স্ম্যাশার্স মালদা তিন উইকেট খুইয়ে ১৩.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।
আরও পড়ুন: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
