
সদ্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই ১৫ জনের দলে রয়েছেন একজন নবাগত।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডেতে ব্যাটিং করার সময় পেশিতে চোট পান। সেই সিরিজ় থেকে ছিটকে যাওয়ার পর শ্রীলঙ্কা সিরিজ়েও নেই ওয়াশিংটন সুন্দর।

সুন্দরের পরিবর্তে তাঁরই মতো এক ডান হাতি অফস্পিনার তথা বাঁ-হাতি ব্যাটার অলরাউন্ডারকে ভারতীয় দলের নির্বাচকরা প্রথমবার জাতীয় দলে ডেকে নিলেন। তিনি সারাংশ জৈন। আফগানিস্তান সিরিজ়ে তিনি ভারতীয় নেট বোলার ছিলেন, এবার মূল দলেই সুযোগ পেলেন ৩৩ বছর বয়সি ক্রিকেটার।

আর অশ্বিনের ভক্ত সারাংশ ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৩১.৭৫ গড়ে ২২২৩ রান করার পাশাপাশি ২৭.৩০ গড়ে ১৮৮টি উইকেটও নিয়েছেন।

তাঁর বাবা সুবোধ জৈনও প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। মধ্যপ্রদেশের হয়ে খেলা অফস্পিনার নয়টি রঞ্জি ট্রফির ম্যাচে ২৩টি উইকেট নিয়েছিলেন। সেই সুবোধই সারাংশ ভাল পারফর্ম করার বাড়তি অনুপ্রেরণা জোগান।

২০১৪ সালে সুবোধের মুখের ক্যানসার ধরা পড়ে। সেই সময় মধ্যপ্রদেশ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ছিলেন সারাংশ। তাঁকে প্রাথমিকভাবে জানানো না হলেও, পরবর্তীতে তাঁরা বাবা হাতে লেখা একটি নোটে সারাংশ জানান সে ভাল খেললেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বাবার কথা মাথায় রেখে ক্রিকেটে নিজের সর্বস্বটা উজাড় করে দেন সারাংশ। ২০২২ সালের নক আউটে মধ্যপ্রদেশের হয়ে ম্যাচগুলিতে দুরন্ত পারফর্ম করেন। ১৩টি উইকেটের পাশাপাশি একটি অর্ধশতরান করে দলকে প্রথম রঞ্জি খেতাব জিততে সাহায্য করেন তিনি।

এবারের রঞ্জি ট্রফি তাঁর কেরিয়ারের সেরা রঞ্জি মরশুম ছিল। ৫৭.৫৫ গড়ে ৫১৮ রান করার পাশাপাশি ২০.৪৩ গড়ে ৩০টি উইকেটও নেন এই অলরাউন্ডার।

দলীপ ট্রফিতেও সেন্ট্রাল জোনের হয়ে সারাংশ দুই ম্যাচে দুইটি অর্ধশতরান হাঁকানোর পাশাপাশি ১৬টি উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন। তারপরে তিনি ভারতীয় নির্বাচকদের নজরে পড়েন এবং চলতি শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলের হয়ে দ্বিতীয় চারদিনের ম্যাচে ৭০ রানের ইনিংস খেলার পাশাপাশি ছয়টি উইকেটও নেন। এরপরেই তাঁকে জাতীয় দলে ডাক পাঠানো হল।
Published at : 28 Jul 2026 04:47 PM (IST)