চেন্নাই: আরসিবি বনাম সিএসকের (RCB vs CSK) ম্যাচ ঘিরে ফের বিতর্ক এবং বিতর্ক সেই ‘দোসা, ইডলি…’ গানকে ঘিরেই। এবার এই নিয়ে বিসিসিআইয়ের (BCCI) দ্বারস্থ হল হলুদ ব্রিগেড (Chennai Super Kings), জানানো হল অভিযোগও।
৫ এপ্রিল চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির মুখোমুখি হয়েছিল সিএসকে। সেই ম্যাচে চিন্নাস্বামীর ডিজে ‘দোসা, ইডলি, সাম্বার, চাটনি, চাটনি’ গানটা বাজান। গানা আপ্পুর তৈরি এই গান বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে বহুক্ষেত্রেই এটি দক্ষিণ ভারত এবং দক্ষিণ ভারতীয়দের বিরুদ্ধে গৎবাঁধা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাতেই ব্যবহৃত হয়। স্টেডিয়ামে এই গানের ব্যবহারের সময়কাল ঘিরেই মূলত সিএসকের সমস্যা এবং তাদের মতে এর মাধ্যমে তাদের অসম্মানও করা হয়েছে।
আইপিএলের বিভিন্ন স্টেডিয়ামে ডিজেরা না না গান বাজান, সমর্থকদের ম্য়াচের মধ্যে আরও যুক্ত করার জন্য বিভিন্ন মন্তব্য করে তাদের উৎসাহিতও করেন। তবে ৫ এপ্রিলের ম্যাচে সিএসকের ক্রিকেটাররা আউট হওয়ার পরে এই গানটি বাজানো হয় এবং তাদের খেলোয়াড়দের নিয়ে ওই ডিজে বিভিন্ন মন্তব্যও করেন, যা শালীনতার সীমা লঙ্ঘন করেছে বলে মনে করছে সিএসকে কর্তৃপক্ষ।
আইপিএলের এক কর্তা জানিয়েছেন এই বিষয়ে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল অভিযোগ পেয়েছে এবং তদন্তও করা হচ্ছে। সিএসকে সিইও কাশী বিশ্বনাথনও এই অভিযোগ দায়ের করার বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, ‘ডিজেরা সাধারণত ঘরোয়া দলকে সমর্থন করার জন্যই থাকেন। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন ছিল। আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে এমন কিছু কিছু মন্তব্য করা হয়েছে যার জেরে আমরা এই নিয়ে বিসিসিআইকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। ডিজের তো প্রতিপক্ষ খেলোয়াড়দের বিষয়ে কোনও মন্তব্য করার কথা নয়।’
এই গান নিয়ে আরসিবি সিএসকের মধ্যে ভেদাভেদ বা বিতর্কের বিষয়টি এই প্রথম নয়। অতীতে আরসিবি কিপার জিতেশ শর্মাকেও সিএসকের বিরুদ্ধে জয়ের পর এই গানটি গাইতে দেখা গিয়েছিল। সেই নিয়ে প্রবল বিতর্ক হয়, সিএসকে সমর্থকদের রোষেরও সম্মুখীন হতে হয় জিতেশকে। তবে সেই সময় চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজ়ি এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার দায়িত্ব নেয়, অনুরোধ করা হয় এইসব ঘটনাকে ঘিরে যাতে সমর্থকরা প্রতিপক্ষ ক্রিকেটারদের টার্গেট না করেন। সেই ঘটনার পরে আর কোথাও এমন ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়। তবে সেই আরসিবির বিরুদ্ধে ম্যাচেই আবার সেই একই গানের ব্যবহারকে ঘিরে বিতর্ক শুরু হল।
