নয়াদিল্লি: এবারের আইপিএলটা হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) জন্য একেবারেই ভাল কাটেনি। তিনি প্রত্যাশামতো পারফর্ম তো করতেই পারেননি, উপরন্তু, তাঁর দলও মুখ থুবড়ে পড়েছে। নয় নম্বরে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এর পাশাপাশি হার্দিক নিজেও পিঠের চোটের সমস্যায় ভুগেছেন। একাধিক ম্যাচও চোটের কারণে মিস করেছেন হার্দিক পাণ্ড্য। এবার সেই চোট সারাতেই তাঁকে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে ছুটতে হচ্ছে।
সদ্যই আইপিএল শেষ হলেও, ভারতীয় (Indian Cricket Team) ক্রিকেটারদের তেমন বিশ্রাম করার জো নেই। শনিবার থেকেই শুরু হচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) একটিমাত্র টেস্ট ম্য়াচ। তারপরেই ১৩ জুন থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ়। সেই সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন হার্দিক পাণ্ড্য। তবে স্কোয়াড ঘোষণার সঙ্গে সঙ্গেই লেখা ছিল তিনি ফিট হলে, তবেই খেলবেন। এবার আফগানিস্তান সিরিজ়ের আগে নিজের ফিটনেস প্রমাণ করতে হার্দিককে এক সপ্তাহেরও অধিক সময় কাটাতে হবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে। সেখানেই বিভিন্ন ড্রিলের মাধ্য়মে নিজের ফিটনেস প্রমাণ ও সম্পূর্ণ ফিট হওয়ার চেষ্টা করবেন হার্দিক।
TOI-র রিপোর্ট অনুযায়ী হার্দিক ২ জুনই বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে পৌঁছেছেন। ধীরে ধীরে বিভিন্ন ড্রিলের মাধ্যমে সম্পূর্ণ ফিট হওয়ার পরেই ম্যাচ খেলতে মাঠে নামার ছাড়পত্র দেওয়া হবে। সেই একই রিপোর্টে দাবি করা হচ্ছে বিসিসিআইয়ের তরফে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা মহাতারকা ক্রিকেটার রোহিত শর্মাকেও বিসিসিআইয়ের তরফে সেন্টার অফ এক্সিলেন্সে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন:- স্মরণীয় রঞ্জি মরশুমের পরেও মেলিনি সুযোগ তবে অবশেষে ভারতীয় দলে যোগ দিলেন আকিব নবি
রোহিত আইপিএলের সময় পেশিতে চোট পেয়েছিলেন। সেই চোটের জেরে বেশ কয়েকটি আইপিএল ম্যাচ খেলেননি তিনি। হার্দিকের মতোই রোহিতকেও আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলে রাখা হলেও, তাঁর ক্ষেত্রেও বলা হয়েছিল তিনি ফিট হলে তবেই মাঠে নামবেন। সেইমতোই রোহিতও সেন্টার অফ এক্সিলেন্সে গিয়ে আফগানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের আগে নিজের ফিটনেস প্রমাণ করবেন বলেই শোনা যাচ্ছে।
আফগানদের বিরুদ্ধে ওয়ান ডে দলে প্রথমবার ডাক পেয়েছেন একাধিক নতুন ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করার পাশাপাশি আইপিএলেও নিজের উইকেট নেওয়ার দক্ষতায় নজর কেড়েছেন প্রিন্স যাদব। তাঁকে এই ওয়ান ডে সিরিজ়ে সুযোগ দেওয়া হয়েছে। প্রিন্সের পাশাপাশি গুরনুর ব্রার ও হর্ষ দুবে ভারতীয় টেস্ট দলের পাশাপাশি ওয়ান ডে দলেও ডাক পেয়েছেন।
