June 19, 2026
3fa80751db632eb716346bee456c6a0e178188677011250_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: যুগ্মসচিবের বয়স সত্তর পেরিয়েছে। তবু চেয়ার আঁকড়ে ছিলেন মদন মোহন ঘোষ। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। বলাবলি হচ্ছিল, সুপ্রিম কোর্টের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কী করে কেউ পদ আঁকড়ে থাকতে পারেন! অবশেষে বাধ্য হয়েই মদন মোহন ঘোষকে সরানোর রাস্তায় হেঁটেছে সিএবি। শুক্রবার সন্ধ্যায় সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিশেষ সাধারণ সভার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। সেদিনই নির্ধারিত হবে, নতুন যুগ্মসচিব কে হবেন।

শুক্রবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে, ২০ জুলাই, সোমবার স্পেশ্যাল জেনারেল মিটিং (SGM) আয়োজিত হবে। নতুন যুগ্মসচিব নির্বাচিত হবেন সেদিন।

অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সুশান্ত রঞ্জন উপাধ্যায় ইলেক্টোরাল অফিসারের দায়িত্ব পালন করবেন। যদিও তা নিয়ে প্রশ্নও ওঠে। সিএবি সূত্রে খবর, বৈঠকে অ্য়াপেক্স কাউন্সিলের সদস্য প্রণব রায় সুশান্ত রঞ্জন উপাধ্যায়কে ইলেক্টোরাল অফিসার করা নিয়ে আপত্তি জানান। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেল, সিএবি সদস্যদের মধ্যে আরও তিনটি সংস্থা থেকে ইলেক্টোরাল অফিসার বদলের জন্য আর্জি জানিয়ে মেল করা হয়েছে। যদিও সুশান্ত রঞ্জন উপাধ্যায়কেই দায়িত্ব দিয়েছে সিএবি। পরে সিএবি সচিব বাবলু কোলে বলেন, ‘২০১৫ সাল থেকে সুশান্ত রঞ্জন উপাধ্যায় এই দায়িত্ব সামলাচ্ছেন। উনি অভিজ্ঞ। তাই ভরসা রেখেছি।’

দুরারোগ্য ব্য়ধিতে আক্রান্ত ক্রিকেটারদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য সিএবি-কে আগেই প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রণব রায়। শোনা গেল, শুক্রবারের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে প্রণব রায় সেই প্রস্তাব নিয়ে কিছু ভাবনাচিন্তা হয়েছে কি না জানতে চান। এ-ও শোনা গেল যে, সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে জানিয়েছেন, এ নিয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে। শীঘ্রই কোনও সংস্থার সঙ্গে চুক্তি করা হতে পারে। পরের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ নিয়ে আলোচনা হতে পারে।

সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ময়দানে দুর্নীতি নিয়ে ক্রীড়ামন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন। তা নিয়ে বৈঠকে সিএবি-র অ্য়াপেক্স কাউন্সিলের সদস্য গৌতম গোস্বামী প্রশ্ন তোলেন। তিনি নাকি বলেন, সিএবি-তে না জানিয়ে কেন সরাসরি ক্রীড়ামন্ত্রীকে ও সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করলেন অভিষেক। যদিও তাঁকে পাল্টা শুনতে হয় যে, সিএবি-তে অভিযোগ জানিয়ে ই মেল করলে তার জবাব পাওয়া যায় না। পঙ্কজ রায়ের জন্মদিনে বাসিফুল ব্যবহার করা নিয়ে অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজ দেখতে চেয়ে মেল করেছিলেন প্রণব রায়। উত্তর পাননি। তাছাড়া অভিষেক তাঁর চিঠির কোথাও সিএবি-র নামই উল্লেখ করেননি। সেক্ষেত্রে সিএবি কেন আগ বাড়িয়ে ক্রীড়ামন্ত্রীকে সাফাই দিয়ে চিঠি দিল, সেটা নিয়ে বঙ্গ ক্রিকেট সংস্থার ভেতরেই প্রশ্ন ঘোরাফেরা করছে।

সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে প্রণব রায় বলেন, কেন সদস্যদের ‘মিনিটস’ দেওয়া হচ্ছে না। সিএবি সচিব তাঁকে জানিয়েছেন যে, সংস্থার ওয়েবসাইটে এবার থেকে মিনিটস দেওয়া হবে। সদস্য়রা চাইলে হার্ড কপিও দেওয়া হবে।

আলোচনা শুরু হয়ে গিয়েছে ২০ জুলাই নিয়েও। যুগ্মসচিব পদে কে প্রার্থী হন, ভোটাভুটি হয় কি না, দেখার অপেক্ষায় ময়দান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks