কলকাতা: অষ্টম বেতন কমিশনের সুপারিশ ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে উৎসাহ ক্রমশ বাড়ছে। বেতন, পেনশন ও বিভিন্ন ভাতা সংশোধনের লক্ষ্যে গঠিত এই কমিশন বর্তমানে কর্মী ও পেনশনভোগী সংগঠনগুলির সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং অন্যান্য অর্থনৈতিক বিষয় বিবেচনা করে কমিশন তাদের সুপারিশ কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবে।
আরও পড়ুন: ফর্ম ১৬ না থাকলেও আয়কর রিটার্ন ফাইল করা যায়, কীভাবে করবেন?
অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে ৫০ লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হতে পারেন। বিভিন্ন কর্মী ও পেনশনভোগী সংগঠন বেতন নির্ধারণ, সুযোগ-সুবিধা এবং চাকরির নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি কমিশনের সামনে তুলে ধরেছে।
এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর। এটি এমন একটি ব্যাপার, যার মাধ্যমে নতুন বেতন ও পেনশনের পরিমাণ নির্ধারণ করা হয়। ষষ্ঠ বেতন কমিশনের সময় সর্বনিম্ন মূল বেতন ছিল ৭ হাজার টাকা। পরে সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগের ফলে তা বেড়ে দাঁড়ায় ১৮ হাজার টাকা।
আরও পড়ুন: চাকরি বদলেছেন, নিজের প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকা কীভাবে ট্রান্সফার করবেন?
অষ্টম বেতন কমিশনে যদি ১.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে সপ্তম বেতন কমিশনের ১৮ হাজার টাকার এন্ট্রি-লেভেল মূল বেতন বেড়ে ৩৪ হাজার ৫৬০ টাকা হতে পারে। একইভাবে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে বেতন ৪৬ হাজার ২৬০ টাকা এবং ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর হলে তা ৬৮ হাজার ৯৪০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
তবে উল্লেখ্য, ১৮ হাজার টাকার প্রাথমিক বেতন কেবলমাত্র সর্বনিম্ন বেতন স্তরের কর্মীদের জন্য প্রযোজ্য। উচ্চ পদমর্যাদার কর্মীদের বেতন সংশ্লিষ্ট পে-লেভেল অনুযায়ী আরও বেশি হারে সংশোধিত হবে।
মূল বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়িভাড়া ভাতা (HRA), পরিবহন ভাতা এবং অন্যান্য ভাতা সংশোধনের বিষয়েও কমিশন পর্যালোচনা করবে। পাশাপাশি মহার্ঘ ভাতা (DA) মূল বেতনের সঙ্গে যুক্ত করে নতুন ভিত্তিতে DA গণনার বিষয়টিও আলোচনায় রয়েছে। বর্তমানে কমিশন সমস্ত প্রস্তাব পর্যালোচনা করছে এবং আলোচনা সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে।
ABI News: ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই,১৬ মে থেকে কার্যকর হবে নতুন সুদের হার
