নয়াদিল্লি: বয়স মাত্র ৩৪, তাতেই হার্ট অ্যাটাক! হ্যাঁ, এই বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ইউএফসি ফ্লাইয়েট তারকা অ্যালান নাসিমেন্তো (Allan Nascimento)। সংস্থার তরফে জানানো হয়েছে সোমবার সকালে নিজের ঘুমের মধ্যেই তাঁর সম্ভবত হার্ট অ্যাটাক (Young People Heart Attack) হয় এবং তারপরে সকালে তাঁকে অসাড় অবস্থায় পাওয়া যায়।
ইউএফসির তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘মেডিক্যাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা করলেও, সেই স্থানে তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অ্যালানের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং পরিজনদের প্রতি এই কঠিন সময়ে আমাদের সমবেদনা রয়েছে।’ মাসখানেক আগে জুনে শেষবার রিংয়ে নেমেছিলেন অ্যালান। সেই ম্যাচে তাঁকে মিচ রাপোসোর বিরুদ্ধে স্পিল্ট ডিসিশনে হারতে হয়। ২০২১ সাল থেকে তিনি ইউএফসিতে যোগ দেন। এই সংস্থায় তাঁর হার, জিতের রেকর্ড ৪-২। আর মিক্সড মার্শাল অ্যাটের কেরিয়ারে তিনি ২২টি জয় পেয়েছেন, হেরেছেন সাতটি ম্যাচ।
ব্রাজিলে কোচ চুটে বক্সে কোচ দিয়েগো লিমার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিতেন অ্যালান। প্রাক্তন ইউএফসি চ্যাম্পিয়ন চার্লস অলিভেরা, ইউএফসি লাইটওয়েটের এলভেস ব্রেনারদের অনুশীলন পার্টনারও ছিলেন অ্যালান। তবে এক প্রতিভাবান এমএমএ ফাইটারের জীবনপ্রদীপ অল্প বয়সেই নিভে গেল।
কিন্তু এটা তো আর কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এখন তো প্রায়শই অল্প বয়সিদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা যাচ্ছে। সেই তালিকা থেকে ফিটনেস ফ্রিক, অ্যাথলিটরাও বাদ যাচ্ছেন না। কিন্তু কেন তরুণদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে?
পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে, কম ঘুম, দেরি করে ঘুমের পাশাপাশি ঘুম যদি ঠিকঠাক না হয়, তাহলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে কিশোর বয়সেই। আর তার মাসুল দিতে হয় বয়স বাড়লেই। অনিদ্রার জেরে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে কিশোর-কিশোরীদের। কম ঘুমের সরাসরি প্রভাব পড়তে পারে ব্লাড প্রেসারের উপর। চাঞ্চল্যকর দাবি গবেষণায়। কিশোর বয়সেই উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় অনিদ্রা বা কম ঘুম।
আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন অনুসারে , কিশোর-কিশোরীদের সুস্থ জীবন যাপনের জন্য এবং সুস্বাস্থ্য বজায় রাখাতে প্রতি রাতে ৮ থেকে ১০ ঘন্টা ঘুম প্রয়োজন। তবে, বেশিরভাগ ক্ষেত্রে হাইস্কুলের ছেলে মেয়েরা গড়ে মাত্র সাড়ে ৬ ঘন্টা ঘুমোতে পারে।
কিশোর-কিশোরীদের মধ্যে ঘুমের অভাব মানসিক অস্থিরতার কারণ হয়। এছাড়া তাদের মধ্যে খিটখিটে ভাব, উদ্বেগ দেখা যায়। অপর্যাপ্ত ঘুমের কারণে কিশোর-কিশোরীদের স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধি ঘটাতে পারে। হরমোনের ভারসাম্যহীনতারও তৈরি করে এটি। এর ফলে পরবর্তী জীবনে উচ্চ রক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। হৃদরোগ এবং বিপাকীয় স্বাস্থ্য বজায় রাখার জন্য ভাল ঘুম অপরিহার্য।
