April 28, 2026
7eb9c1405bcda8f19c07a5a7b9c525591777344516157206_original.jpg
Spread the love


নয়াদিল্লি: পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন মাথায়। ক্যাপ্টেন অক্ষর পটেলের বলেই ক্যাচ নিতে গিয়ে পড়ে যান প্রোটিয়া পেসার। মাথার পেছনে লাগে তাঁর। মাথায় ও ঘাড়ে চোট পেয়েছিলেন। পরে তাঁকে গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও গুরুতর কিছু চোট না থাকায় ছেড়ে দেওয়া হয়েছিল এনগিডিকে। তবে আইসিসির নিয়মের জাঁতাকলে এনগিডি আরসিবির বিরুদ্ধে মাঠে নামতে পারেননি।

আসলে মেডিক্যাল রিপোর্টে কনকাশন ধরা পড়ায়, আইসিসির নিয়ম অনুযায়ী ৭দিন মাঠে নামতে পারবেন না এনগিডি। সেই নিয়ম অনুযায়ী আগামী ২ মে পর্যন্ত কোনও ম্য়াচই খেলতে পারবেন না লুঙ্গি এনগিডি। অর্থাৎ আগামী ১ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্য়াচেও খেলতে পারবেন না এনগিডি। অর্থাৎ আরসিবি ম্য়াচ নিয়ে মোট দুটো ম্য়াচে মাঠের বাইরে থাকতে হচ্ছে প্রোটিয়া পেসারকে। দিল্লি এনগিডির পরিবর্ত হিসেবে ৩৪ বছরের লঙ্কা পেসার দুশমন্ত চামিরাকে খেলাতে পারে রাজস্থান ম্য়াচে।

সোমবার আইপিএলে লজ্জার হার দিল্লি ক্যাপিটালসের। আরসিবির বিরুদ্ধে ম্য়াচে একপেশে হারতে হয় অক্ষর পটেলের দলকে। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দাপট দেখালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা। বিশেষ করে গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের দুই ফাস্টবোলার। ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজলউড। তাঁদের দাপটে ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ৪ ওভারে ৯/৬ হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে ১৩/৬ হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের স্কোর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি। চন্দননগরের অভিষেক পোড়েল এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেললেন সোমবার। সাত নম্বরে নেমে ৩৩ বলে ৩০ রান করলেন তিনি। তার পরেও ১৬.৩ ওভারে ৭৫ রানে অল আউট হয়ে গেল দিল্লি। ভুবি নিজের ৩ ওভারের স্পেলে ৫ রান খরচ করে ৩ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। জশ হ্যাজেলউড ৩.৩ ওভারে ১২ রান খরচ করে ৪ উইকেট ঝুলিতে পুরে তিনিই ম্য়াচের সেরা হন। ৭৬ রান তাড়া করতে নেমে শুধুমাত্র জেকব বেথেলের উইকেট হারায় আরসিবি। এরপর বিরাট ও দেবদত্ত পড়িক্কল মিলে দলকে জিতিয়ে দেন। বিরাট ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। দেবদত্ত ১৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। আইপিএলে অবিশ্বাস্য রেকর্ড গড়েন বিরাট। প্রথম ব্যাটার হিসেবে এই টুর্নামেন্টে ৯ হাজার রানের মালিক হয়ে গিয়েছেন কিং কোহলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks